চোখে বেল লেগে আহত বাউচার
স্পিনার ইমরান তাহির বল করছিলেন। ইংলিশ ব্যাটসম্যান গেমাল হোসাইনকে ফাঁকি দিয়ে তাহিরের ‘গুগলি’ লাগল স্ট্যাম্পে। একটা বেল ছিটকে আঘাত করল পেছনে দাঁড়িয়ে থাকা উইকেটরক্ষক মার্ক বাউচারের বাঁ-চোখে! ফিনকি দিয়ে ঝরে পড়ল রক্ত।ভয়ংকর এই দৃশ্যটা গতকাল সোমবার সমারসেটের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ট্যুর ম্যাচের। চোখে আঘাত পাওয়া বাউচারকে তখনই মাঠের বাইরে নেওয়া হয়। চোখের মণির ক্ষত সারতে গতকাল সন্ধ্যায় করা হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচার সফল। তবে শুরুর আগেই সফর শেষ দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষকের। ভ্রমণ করার মতো সক্ষমতা অর্জন করলেই দ্রুত দেশে ফেরত পাঠানো হবে বাউচারকে।দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি ইএসপিএনক্রিকইনফো’কে জানিয়েছেন, বাউচারের আঘাতটা ‘গুরুতর’। তিনি বলেন, ‘চোখের ইনজুরির মাত্রাকে গুরুতর বলা যেতে পারে। অস্ত্রোপচারের মাধ্যমে চোখের মণির ক্ষত সারানো হয়েছে।’মুসাজি বলেন, ‘আঘাতের ফলে দীর্ঘ মেয়াদে কী হবে, তা এখনই বোঝা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবেই সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি। ভ্রমণ করার মতো সক্ষমতা অর্জন করলেই দ্রুত দেশে ফিরবেন বাউচার।’৩৫ বছর বয়সী বাউচার জানিয়েছিলেন, এবারের ইংল্যান্ড সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। সেটা সত্যি হলে এই ইনজুরি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ইতি ঘটেছে তাঁর।১৯৯৭ সালের অক্টোবরে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় বাউচারের। পরের বছরের জানুয়ারিতে ডাক পান দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে। ১৪৭ টেস্টে ৫৫৫ উইকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৯৯৯টি ডিসমিসালের কৃতিত্ব রয়েছে বাউচারের, যেটা বিশ্বরেকর্ড।