চোখের জলের প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমের সামনে তিনি কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে। দৃষ্টি সামনে, দৈত্যাকৃতির ওই পর্দায় নাকি অসীমে, কে জানে! হঠাৎ মুশফিক এসে দুহাতে জড়িয়ে বুকে মাথা রেখে কেঁদে ফেললেন হু হু করে। পরম মমতায় তাঁকে জড়িয়ে ধরে রাখলেন। বিড়বিড় করে কিছু একটা বলছিলেন, দূর থেকে বোঝার উপায় ছিল না। হয়তো সান্ত্বনার বাণী! কিন্তু তাতে কি আর আবেগ বাঁধ মানে! আরও যেন বাড়ল অধিনায়কের কান্নার বেগ। দাঁতে ঠোঁট কামড়ে ছিলেন তিনি। কিন্তু এভাবে কতক্ষণ, তাঁর চোখের শ্রাবণও বাঁধ মানল না। এক হাতে মুশফিককে জড়িয়ে আরেক হাতে নিজের চোখের পানি মোছার চেষ্টা করছেন সাকিব আল হাসান! আপাতত বলা যাক পুরো টুর্নামেন্টের প্রতীকী দৃশ্য। বোলিং-ব্যাটিং-ফিল্ডিংয়ে মাঠের ভেতরে অধিনায়ক ভরসা খুঁজে পান সাকিবের মাঝে। মাঠের বাইরে, তছনছ হয়ে যাওয়া হূদয়েও ভরসা সাকিব। মাঠের মতো মাঠের বাইরেও পরম যত্নে আগলে রাখলেন সাকিব। ওই তো, খানিক দূরে জার্সি দিয়ে চোখের পানি মুছছেন নাসির হোসেন। তাঁকেও কী যেন বললেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও তো ট্র্যাজেডির নায়ক! এশিয়া কাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েও, অনেক অনেক তারকার মাঝে উজ্জ্বলতম হয়েও তাই সাকিবের চোখে পানি! আজ দিন ফুরালেই কাল তাঁর ২৫তম জন্মদিন। কে জানে, এই জন্মদিনটাকে কীভাবে মনে রাখবেন! ৬ উইকেট পেয়েছেন টুর্নামেন্টে। চার ম্যাচে তিনটিতেই ফিফটি, একটিতে ফিফটি হয়নি ১ রানের জন্য। ৫৯.২৫ গড় আর ১১০.২৩ স্ট্রাইকরেটে ২৩৭ রান। সিরিজ-সেরার পুরস্কার নিতে গিয়ে তবু সাকিবের আক্ষেপ মাত্র ২টি রানের জন্য, ‘সব সময় দলের জন্য খেলতে চাই। প্রতি ম্যাচেই দলে অবদান রাখতে পেরেছি, এ জন্য আমি খুশি। কিন্তু আর দুটি রান যদি করতে পারতাম, হয়তো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যেতাম।’ এত কাছে গিয়েও এত দূরে থাকার যন্ত্রণা থাকবেই। এই যন্ত্রণা এত তীব্র যে সাকিবের মতো আপাত ‘অতিমানব’কেও অনেক মানবীয় করে তোলে। কিন্তু একটু থিতু, সময়ের আবেগটা বশ মেনে যাওয়ার পর পেছন ফিরে তাকালে এই টুর্নামেন্ট তো বাংলাদেশের ইতিহাসের স্মরণীয়তম টুর্নামেন্ট! আবেগের ঘনঘটার মাঝেও সে কথাটা বলতে ভুললেন না সাকিব, ‘সব মিলিয়ে এই টুর্নামেন্টের দিকে যদি তাকাই, বলতেই হবে আমাদের জন্য অসাধারণ এক টুর্নামেন্ট। টিমওয়ার্ক ছিল দুর্দান্ত, মানুষের সমর্থন ছিল অসাধারণ। আশা করি, এখান থেকে আমরা কেবল ওপরেই উঠতে থাকব। এই টুর্নামেন্টের ইতিবাচক দিকগুলো সামনের পথ চলায় হবে আমাদের পাথেয়।’এই নিয়ে পঞ্চমবারের মতো সিরিজ বা টুর্নামেন্ট-সেরা হলেন। কিন্তু এটিকে নিশ্চয়ই সবচেয়ে এগিয়ে রাখবেন! বিশ্বসেরা অলরাউন্ডারের লড়াইয়ে এই সিরিজ সাকিবকে তুলে নিল নতুন এক উচ্চতায়।