চোট নিয়েই খেলবেন হ্যামেলস
তারকা খেলোয়াড়দের উপস্থিতির দিক থেকে বায়ার্ন মিউনিখ যে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে অনেক এগিয়ে, সে কথা বলাই বাহুল্য। চ্যাম্পিয়নস লিগের অল জার্মান ফাইনালের আগে ইনজুরি সমস্যাও ভর করেছে ডর্টমুন্ড শিবিরে। চোটের কারণে ইতিমধ্যে ফাইনাল থেকে ছিটকে পড়েছেন দলের প্রধান মিডফিল্ডার মারিও গোটশে। রক্ষণভাগের প্রধান সেনানী ম্যাট হ্যামেলসও ছিলেন এই কাতারে। তবে ডর্টমুন্ডের সমর্থকদের জন্য সুখবর, পুরোপুরি সুস্থ না হলেও মাঠে নামতে পারবেন জার্মানির জাতীয় দলের এই ডিফেন্ডার।গত শনিবার বুন্দেসলিগার শেষ ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন ম্যাট হ্যামেলস। শুরুতে ভাবা হয়েছিল, হয়তো কোনো পেশিতন্তু ছিঁড়ে গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, অবস্থা অতটা গুরুতর নয়। পেশিতন্তুতে টান ধরাতেই সমস্যাটা শুরু হয়েছিল। যদিও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি, তবে সামান্য এই চোটের জন্য চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো বড় একটা ম্যাচ মিস করতে চাইছেন না জার্মান ডিফেন্ডার। তিনি বলেছেন, ‘ইনজুরির আগে গোড়ালির যে অবস্থা ছিল, এখন সেটা ওই অবস্থায় নেই। কিন্তু তার পরও আমি খেলতে পারব।’ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবেন না বরুসিয়া ডর্টমুন্ডের অন্যতম প্রধান খেলোয়াড় মারিও গোটশে। তবে তার অনুপস্থিতি খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছেন বরুসিয়ার কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের সেমিফাইনালের পরই বুঝতে পেরেছিলাম যে, মারিও পুরোপুরি সুস্থ অবস্থায় নেই। আমরা তাকে সুস্থ করে তোলার সব চেষ্টাই করেছি। কিন্তু তা সফল হয়নি। আমরা এই ব্যাপারটা তিন সপ্তাহ ধরেই জানি। তাই তাঁকে ছাড়াই আমরা ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। কাজেই তার অনুপস্থিতি মাঠে খুব বেশি প্রভাব ফেলবে না।’১৯৯৭ সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ ওয়েম্বলি স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। রয়টার্স।