চোট নিয়েও আর্জেন্টিনা দলে মেসি

বার্সেলোনার ঈশানকোণে হঠাৎ করেই কালো মেঘ। লিওনেল মেসি গত মৌসুমের শেষে চোটে পড়েছিলেন, আর এবার পড়লেন মৌসুমের শুরুতেই। গত বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি। এই চোট বার্সার প্রাণভোমরাকে কত দিন মাঠের বাইরে রাখবে সেটা এখনো জানা যায়নি। তবে ফিটনেস সমস্যা থাকলেও মেসিকে আর্জেন্টিনার জাতীয় দলে না রেখে পারেননি কোচ আলেসান্দ্রো সাবেলা। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ১০ সেপ্টেম্বর, প্যারাগুয়ের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে।
গত মৌসুমের শেষে পাওয়া চোটই ভোগাচ্ছিল মেসিকে। ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচটা খেলেননি। তাঁকে বার্সার লিগ সূচক ম্যাচের পুরোটা খেলিয়ে ঝুঁকি নিতে চাননি নতুন কোচ জেরার্ডো মার্টিনো, তুলে নেন ৭০ মিনিটে। বার্সার পরের ম্যাচটিতেই তো ঘটে গেল দুর্ঘটনা। তবে আশা করা হচ্ছে, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন। আর হিগুয়েইন-মাচেরানোদের অনুপস্থিতিতে মেসিকে তো সাবেলার দরকারই!
লাল কার্ডের নিষেধাজ্ঞার খড়্গে দলে নেই হিগুয়েইন-মাচেরানো। তবে দলে ফিরেছেন সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার নিচে থাকা প্যারাগুয়ের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলবে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা। ৬ সেপ্টেম্বর ইকুয়েডরকে হারাতে পারলে অবশ্য দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়া ধরে ফেলবে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার বাকি ৩টি ম্যাচ, কলম্বিয়ার ৪টি।
আর্জেন্টিনা যখন বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে, তখন ব্রাজিল খেলবে প্রীতি ম্যাচ। চার দিনের মধ্যে ব্রাজিল দুটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও পর্তুগালের সঙ্গে। এই দুটি প্রীতি ম্যাচের দলে কনফেডারেশনস কাপজয়ী একাদশের সবাই আছেন। ২০১১ কোপা আমেরিকার পর প্রথম ব্রাজিল দলে ডাক পেলেন রোমার মাইকন। চেলসির রামিরেসকেও ডেকেছেন লুইস ফেলিপে স্কলারি। ৭ সেপ্টেম্বর ব্রাসিলিয়ায় অস্ট্রেলিয়ার সঙ্গে, ১০ সেপ্টেম্বর বোস্টনে রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে ব্রাজিল। কনফেডারেশনস কাপের পাঁচ ম্যাচসহ টানা ছয় ম্যাচজয়ী দুরন্ত ব্রাজিলকে সেদিন ১-০ গোলে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ড। রয়টার্স, ওয়েবসাইট।