চোট নিয়ে মেসি-বার্সা 'দ্বন্দ্ব'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা ভালো যাচ্ছে না মেসির। এরই মধ্যে গুঞ্জন, ঘন ঘন ইনজুরিতে পড়ার কারণে নাকি ক্লাবের চিকিৎসকদের ওপর আস্থা রাখতে পারছেন না তিনি!
সময়টা ভালো যাচ্ছে না মেসির। এরই মধ্যে গুঞ্জন, ঘন ঘন ইনজুরিতে পড়ার কারণে নাকি ক্লাবের চিকিৎসকদের ওপর আস্থা রাখতে পারছেন না তিনি!


ফুটবলের ধনী ক্লাবের তালিকায় বার্সেলোনার অবস্থান তিন নম্বরে। খেলোয়াড়দের শারীরিক সুস্থতা, ফিটনেসের দিকে সার্বক্ষণিক নজর রাখার জন্য চিকিৎসকের অভাব তো তাদের হওয়ার কথা নয়। তা হলে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর কেন ডেকে আনা হলো একজন আর্জেন্টাইন চিকিৎসককে? তাহলে কি মেসির সঙ্গে কোনো সমস্যা তৈরি হয়েছে বার্সেলোনার চিকিৎসকদের? নাকি মেসিই আস্থা রাখতে পারছেন না বার্সার চিকিৎসকদের ওপর?

ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর এমন গুজবেই তোলপাড় হয়েছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গন। এ কারণে ক্লাবের সঙ্গে নাকি বিবাদও হয়েছে মেসির। এমন খবরই রটেছে বিভিন্ন পত্রপত্রিকায়।

মেসির চিকিৎসার জন্য আর্জেন্টিনা থেকে স্পেনে উড়ে এসেছেন লুইস গার্সিয়া। বার্সেলোনার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও তিনি কাজ করছেন মেসির ইনজুরি নিয়ে। বারবার একই ধরনের ইনজুরিতে পড়ার কারণে অনেকেই সন্দেহ করেছিলেন, মেসি হয়তো আর আস্থা রাখতে পারছেন না বার্সেলোনার চিকিৎসকদের ওপর। সেজন্যই বার্সেলোনায় এসেছেন আর্জেন্টাইন চিকিৎসক।

তবে ঘটনা মোটেই এ রকম নয় বলে নিশ্চিত করেছে বার্সেলোনা। বার্সেলোনায় মেসির ব্যবস্থাপকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মেসির চোট নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে মেসির চোট দেখভাল করতেই উড়ে এসেছেন গার্সিয়া, ‘মেসি আর্জেন্টিনার খেলোয়াড়। জাতীয় দলের হয়ে তাঁর কয়েকটা ম্যাচে খেলারও কথা ছিল। লুইস গার্সিয়া বার্সেলোনায় এসেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধি হিসেবে। মেসির অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার জন্য। সব সময়ের মতো বার্সার চিকিৎসকেরাই মেসির চিকিৎসার দায়িত্বে আছেন। তাঁরা সব সময়ই মেসির অবস্থা পর্যবেক্ষণ করবেন।’

এবারের মৌসুমে এই নিয়ে তৃতীয়বারের মতো ইনজুরি-আক্রান্ত হয়েছেন মেসি। আগের ফাঁড়াগুলো দ্রুত কাটিয়ে উঠতে পারলেও এবার দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন তারকাকে। দুই মাস খেলতে পারবেন না তিনি।