চোট নিয়েই এখন যত ভাবনা মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও হ্যামস্ট্রিংয়ে চোট। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে মেসি। গত শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে। ছবি: রয়টার্স।
আবারও হ্যামস্ট্রিংয়ে চোট। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে মেসি। গত শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে। ছবি: রয়টার্স।

এক মৌসুম আগ পর্যন্তও ছিলেন বার্সেলোনার সবচেয়ে ফিট খেলোয়াড়দের একজন। খুব একটা চোট পেতেন না। একের পর এক ম্যাচ নির্বিঘ্নে খেলে যেতেন। সেই লিওনেল মেসি এখন চোটে জর্জরিত।

দুই দফা চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরেন মেসি। কিন্তু তাঁকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তাঁর গোলখরা নিয়ে শুরু হয় গুঞ্জন। আর্জেন্টাইন মহাতারকা সেই গুঞ্জন থামান গত সপ্তাহে, চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে জোড়া গোল করে। নিজেকে আরও মেলে ধরার আশার কথা ভক্তদের শুনিয়েছিলেন মেসি। সেটা আর হলো না। আবারও তাঁর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। গত শনিবার লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন মেসি। বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে, এ দফার চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে কাটাতে হবে মেসিকে। কয়েক দিন নীরব থাকার পর চোট নিয়ে মুখ খুললেন বার্সা প্রাণভোমরা নিজেও। জানালেন, এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবছেন না তিনি। তাঁর ভাবনাজুড়ে এখন শুধুই চোট। কত ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন এটি।

গতকাল নিজের ফেসবুক পেজে ২৬ বছর বয়সী মেসি বলেন, ‘সর্বশেষ চোট থেকে সেরে উঠার জন্য পরবর্তী কয়েক সপ্তাহ কাজ করব আমি। দলের সঙ্গে খেলতে না পারাটা আমার জন্য কষ্টের। তবে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালোভাবে সেরে উঠা। আমি জানি এটা কীভাবে করতে হবে, ফুটবল খেলে।’ সূত্র: রয়টার্স।

ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।