চোট নিয়েই লড়লেন ফোরলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই কি বিধাতার বিধান! সেমিফাইনাল ম্যাচ। অথচ ম্যাচের প্রথম মিনিটেই ইনজুরির শিকার বিশ্বকাপে দুর্দান্ত খেলে আসা ডিয়েগো ফোরলান! গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল—পা দুটিকে শিল্পীর তুলি করে দেশকে যিনি উতরে দিলেন একের পর এক বাধা, সেই ফোরলানই আটকে পড়লেন আসল সময়ে এসে!না, আটকে তিনি পড়েননি। ইনজুরিগ্রস্ত পা নিয়েই মাঠে কাটালেন ৮৩ মিনিট পর্যন্ত। নিজস্ব কারিশমায় পিছিয়ে পড়া দলকে সমতাও এনে দিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। রক্ষা না হলেও শেষ পর্যন্তও হাল ছাড়েনি উরুগুয়ে। হাল ছাড়েননি ফোরলানও। ব্যথা নিয়েই মাঠে যুদ্ধ করে গেলেন। কিন্তু কতক্ষণ আর পারা যায়! প্রতিপক্ষ হল্যান্ড ৩-১ গোলে এগিয়ে। ম্যাচ শেষ, বুঝেই হয়তো কোচ তুলে নিলেন দলের সেরা তারকাকে। ফোরলান উঠে আসার পরও ম্যাক্সিমিলানো পারেইরার মাধ্যমে উরুগুয়ে একটি গোল ফিরিয়ে দিলেও ফল হয়নি কিছুই। দুরন্ত পথে শেষটা এভাবে হওয়ায় হতাশ এবারের বিশ্বকাপের অন্যতম নায়ক ডিয়েগো ফোরলান, ‘সত্যিই আমার মনটা ভালো নেই। কারণ এর চেয়েও অনেক কঠিন ম্যাচ আমরা জিতেছি।’এর পরই যেন মনে পড়ে যায় ইনজুরির কথা, ‘শারীরিকভাবে আমি যথেষ্ট ফিট ছিলাম না। ফলে আমার সেরাটাও খেলতে পারিনি। তাই আমি হতাশ। তবে দলগতভাবে আমরা অনেক ভালো খেলেছি। কিন্তু দ্বিতীয় গোলটি পেতে অনেক দেরি হয়ে গেছে। তারা চার মিনিটের মধ্যে দুটো গোল পেয়ে গেল। এটাই ফল গড়ে দিয়েছে।’কোচ অস্কার তাবারেজ তাঁর সেরা অস্ত্রটি সম্পর্কে বলেছেন, ‘প্রথম মিনিটেই সমস্যা দেখা দেয় ফোরলানের। সে চোট পায় এবং খেলা চালিয়ে যেতে পারছিল না। ওর ব্যথা হচ্ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিই অন্য তরতাজা একজনকে মাঠে নামানোর।’তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলার ব্যাপারে আশার বাণী শোনাচ্ছেন ফোরলান, ‘এখনো ব্যথা আছে কিন্তু আমি আশা করছি ওই ম্যাচে খেলতে পারব। এখনো কয়েক দিন বাকি আছে ম্যাচের। তৃতীয় স্থানের জন্য ভালো খেলব বলেই আমাদের বিশ্বাস। কিন্তু আমরা যদি হেরেও যাই, আমাদের মাথা উঁচুই থাকবে।’