চোট সারাতে জোঁক, ছাগলের রক্ত, মাথায় শক...
রাস্তা-ঘাটে জোঁকের তেল তো হরহামেশাই বিক্রি করতে দেখা যায়। সবাই বলে ও হাতুড়ে চিকিৎসা। এমন তো কতই দেখা যায়! ধরুন, চোট সারাতে এই জোঁকের দ্বারস্থ হচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ফুটবলার। কিংবা আঘাত সারাতে এমু পাখির তেল মাখছেন কোনো অ্যাথলেট। ভাবছেন, বুজরুকি নাকি!
না, মোটেই না। অ্যাথলেটদের শারীরিক সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। ১০০ মিটার দৌড় কিংবা ফুটবল, শরীরটাই তো মূল পুঁজি। তার এন্তার ব্যবহারে ক্ষয়-ক্ষতি কম হয় না। এই চোট, সেই চোট লেগেই থাকে। এদিকে খেলাও লেগেই আছে। খুব কম সময়ের মধ্যে সেরে উঠতে ক্রীড়াবিদরা অনেক সময় অপ্রথাগত চিকিৎসার দ্বারস্থ হন। কত অদ্ভুত সব চিকিৎসা-পদ্ধতি যে আছে, আসুন জেনে নেই:

এমুর তেল
ম্যারাথনে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পলা রেডক্লিফ আঘাত থেকে সেরে উঠতে এমু পাখির তেল ব্যবহার করেছেন। নিউ মেক্সিকোয় দৌড়ের অনুশীলন করার সময়ে এক সাইক্লিস্টের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। শরীরে নানা জায়গায় জখমের পাশাপাশি রেডক্লিফের চোয়ালের হাড় স্থানচ্যুত হয়। আঘাত থেকে দ্রুত সেরে উঠতে ফিজিওথেরাপিস্ট জেরার্ড হার্টম্যানের পরামর্শে তিনি এমুর তেল ব্যবহার করে ফল পান। অস্ট্রেলিয়ান আদিবাসীদের মধ্যে এমুর তেল ব্যথানাশক হিসেবে সমাদৃত।
পনির, মদ ও ভালোবাসা
ব্রেডে হ্যাঙল্যান্ড ফুলহামের সাবেক ডিফেন্ডার। একবার চোট পেলেন উরুতে। তাঁর কোচ ফেলিক্স মেগাথ পরামর্শ দিলেন, উরুর চোটে বেশ করে পনির মাখাও। তবে এর আগে পনিরের টুকরো মদের মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে। এরপর মায়ের সঙ্গে কথা বলতে হবে ফোনে। বিবিসি রেডিওকে হ্যাঙল্যান্ড এর ব্যাখ্যায় বলেছিলেন, 'মদ, পনির, ও মায়ের সঙ্গে কথা বলার সময় যে জীবতাত্ত্বিক প্রতিক্রিয়া হবে তা পায়ের চোট উপশম করবে।'

জোঁক
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড লুইস সাহার ক্যারিয়ার চোটে ঠাসা। চোট সারাতে একবার আঘাতের জায়গায় জোঁক লাগানোর কথা জানিয়েছিলেন এ ফরাসি। ২০১০ সালে অ্যাস্টন ভিলার কাছে এভারটনের ১-০ গোলে হারের পর সাহা বলেছিলেন, 'হাঁটুর চিকিৎসা করিয়েছি কীভাবে? শুনলে বিশ্বাস হবে না। গুয়াদেলুপে দাদার সঙ্গে দেখা করতে গিয়ে হাঁটুতে জোঁক লাগিয়েছিলাম। এখন ভালো আছি। নিজেকে ২০ বছরের তরুণ মনে হচ্ছে।'

ঘোড়ার গর্ভপত্র
তিনিও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড। রবিন ফন পার্সি। ২০০৯ সালে হাঁটুতে চোট পা্ওয়ার পর বেলগ্রেডে গিয়েছিলেন মারিয়ানা কোভাচেভিচের কাছে। ঘোড়ার গর্ভপত্রের রস মালিশ করে ডাচ তারকার হাঁটুর যত্ম নিয়েছিলেন এই গৃহিনী সার্বিয়ান। তাঁর কাছে চোটের চিকিৎসায় ধর্না দিয়েছেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার গ্লেন জনসন। মাংশপেশীর চোটের চিকিৎসায় ৩ হাজার পাউন্ড করে রাখেন কোভাচেভিচ। বলা হয়, ঘোড়ার গর্ভপত্র প্রোটিন ও আয়রনে ভরপুর, সঙ্গে আছে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা মাংশপেশীর চোটে উপকারি।
গর্ত
পায়ের পাতার চোট সারাতে এ চিকিৎসা করিয়েছিলেন অ্যাষ্টন ভিলা ও ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার দারিয়াস ভেসেল। পায়ের পাতায় সংক্রমণে ভীষণ ব্যথা হয়েছিল তাঁর। আঙুলের মাথায় ফুটো করে ফোস্কার ভেতরে চাপ কমিয়ে ফল পেয়েছিলেন ভেসেল। এ জন্য অবশ্য তখন ভিলার গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে তিনি খেলতে পারেননি। কোচ গ্রাহাম টেলর বলেছিলেন,'এসব তাঁর নিজে করার দরকার নেই। এ ধরণের কাজের লোক রেখেছে ক্লাব।'

কাপিং
দুবারের ইউনিফাইড হেভিওয়েট চ্যাম্পিয়ন মুষ্ঠিযোদ্ধা অ্যান্থনি জশুয়া কাপিং চিকিৎসাপদ্ভতির ভক্ত। চামড়ায় কাঁচের কাপ বসিয়ে চোষণের মাধ্যমে রক্ত চলাচল বাড়ানো হয় এ চিকিৎসায়। ২০১৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কাপিং করানোর ছবি পোস্ট করে জশুয়া লিখেছিলেন,'শরীরটা চাঙা করতে কাপিং করাচ্ছি।'

ছাগলের রক্ত
অলিম্পিকে আটবারের চ্যাম্পিয়ন স্প্রিন্টার উসাইন বোল্ট শারীরিক সমস্যায় বায়ার্ন মিউনিখে ৪০ বছর কাজ করা চিকিৎসক মুলার-উলফার্তের কাছে যান। ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে বোল্টের প্রস্তুতিতে এই চিকিৎসকের অবদান অনস্বীকার্য। বিশেষ করে ২০১৬ অলিম্পিকে ১০০ মিটারে সোনা জয়ের জন্য উলফার্তকে কৃতিত্ব দেন জ্যামাইকান কিংবদন্তি। মাংশপেশি চিকিৎসায় মুলার উলফার্ত ছাগলের রক্তের ইনজেকশন দিয়ে থাকেন। সাবেক স্কটিশ ফরোয়ার্ড পিটার ম্যাকডোনাল্ডকে ৫০টির বেশি ছাগলের রক্তের ইনজেকশন দিয়ে মাংশপেশির সফল চিকিৎসা করেছিলেন তিনি।
মোরগ-মুরগির বাচ্চা
মুলার-উলফার্তকে বলা হয় 'সেলেব্রিটি চিকিৎসক'। লিভারপুল ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জেমি রেডন্যাপ চোট পেলেই ছুটে যেতেন তাঁর কাছে। মোরগ-মুরগির বাচ্চার ঝুঁটির নিঃসরণ(হাইলার্ট) দিয়ে চোটের চিকিৎসা করিয়ে খ্যাতি কুড়িয়েছিলেন উলফার্ত। হাঁটুর চোটের ব্যথা উপশমে এটা নাকি বেশ ফলপ্রদ। রেডন্যাপ জানান, 'ঝুঁটির নিঃসরণ হাঁটুর স্বাভাবিক নড়াচড়ায় সাহায্য করে।'
মাথায় শক
ঠিকই পড়েছেন। গোল্ডেন ওয়ারিয়র্সের পাওয়ার ফরোয়ার্ড জেমস ম্যাকাডু এ চিকিৎসা নেওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন টুইটারে। মাথার খুলির ভেতর দিয়ে বিদ্যুত প্রবাহ করা হয় এ চিকিৎসায় (টিডিসিএস)। বিশেষভাবে বানানো হেড ফোনের ভেতর দিয়ে স্বল্পমাত্রার বিদ্যুৎ প্রবাহ করা হয়। ক্লাবের ট্রেনিং রুমে এ চিকিৎসা নেওয়ার ছবি ২০১৬ সালে পোস্ট করেছিলেন ম্যাকাডু। এর আবিষ্কারক প্রতিষ্ঠান 'হ্যালো নিউরোসায়েন্স'-এর মত, মস্তিস্কের মোটর কর্টেক্সে শক্তি বাড়ায় টিডিসিএস পদ্ধতি। কোনো কিছুর অনুশীলন বা শেখার কাজে উপকারি।