চোটই হবে পার্সির ‘শাপে বর’!
কেউ গ্রহ-নক্ষত্রের গতিপ্রকৃতি হিসাব করে সম্ভাব্য চ্যাম্পিয়ন বের করছে। কেউ মিল খুঁজছে সংখ্যাতত্ত্বে। ডাচ কিংবদন্তি রুদ খুলিত মেলালেন চোটের সঙ্গে চোট। এ মিল-অমিলে তিনি অবশ্য হল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খোঁজেননি। আবিষ্কার করেছেন হল্যান্ড স্ট্রাইকার রবিন ফন পার্সির সোনার জুতা জয়ের তত্ত্ব।সদ্য শেষ হওয়া মৌসুমটার শেষ পাঁচ মাস চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন ফন পার্সি। ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের আগে প্রায় একই অবস্থা ছিল মার্কো ফন বাস্তেনের। প্রায় পুরোটা মৌসুম চোটের মধ্যে কাটিয়ে ইউরো খেলতে গিয়েছিলেন এসি মিলানের সাবেক স্ট্রাইকার। করেছিলেন টুর্নামেন্ট-সর্বোচ্চ ৫ গোল। বাস্তেনের দুর্দান্ত পারফরম্যান্সে সেবার ইউরো-সেরার মুকুটও মাথায় পরেছিল হল্যান্ডই। ’৮৮-এর ইউরো চ্যাম্পিয়নশিপের আগে বাস্তেনের সেই অবস্থা হয়েছে এবার ফন পার্সির। চোটে চোটে ভরা একটা মৌসুম কেটেছে তাঁর। সেবার আর এবারের তুলনা করে তাই এই বিশ্বকাপটা ফন পার্সির হতে পারে বলেছেন খুলিত, ‘আমার মনে হয়, ফন পার্সি বড় তারকা হতে পারে, কারণ মার্কো ফন বাস্তেনের যেমন হয়েছিল, এবার ওর বেলায়ও ঠিক তাই হয়েছে।’তবে শুধুই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে কথা বলে দেওয়ার মানুষ খুলিত নন। চোটে পড়াটা কীভাবে ফন পার্সির জন্য লাভজনক হয়েছে, এর পেছনে শক্ত যুক্তিও দাঁড় করিয়েছেন তিনি। খুলিতের বড় যুক্তিটা হচ্ছে—চোটের কারণে মাস পাঁচেক মাঠের বাইরে থাকায় বিশ্বকাপের আগে ভালোই বিশ্রাম পেয়েছেন আর্সেনাল স্ট্রাইকার ফন পার্সি। ‘১৯৮৮ সালে বাস্তেন চোটে পড়েছিল, এর পর বিশ্রাম-টিশ্রাম করে খুব ভালো অবস্থা নিয়ে ফিরে এসেছে। ফন পার্সি চোটে পড়েছিল এবং এখন ফিরে এসেছে। সে এখন সতেজ এবং ভালো করার জন্য মুখিয়ে আছে’—বলেছেন খুলিত। তাহলে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, দিদিয়ের দ্রগবা (!) আর ওয়েইন রুনির সোনার জুতার লড়াইয়ে আরও একজন যোগ হলো। ফন পার্সি বিশ্রাম করে সতেজ হয়ে এসেছেন। উল্টো দিকে লিওনেল মেসি, ওয়েইন রুনি ও ক্রিস্টিয়ানো রোনালদোরা মৌসুমের প্রায় শেষ পর্যন্ত খেলে ক্লান্ত। এই পার্থক্যের কারণেই ফন পার্সির সম্ভাবনা বেড়ে গেছে উল্লেখ করে খুলিত বলেছেন, ‘সব সময়ই আমি তারকা খেলোয়াড়দের নিয়ে শঙ্কায় থাকি—ক্লাবের হয়ে যারা ভালো খেলে তারা দেশের হয়ে ভালো করবে তো? কখনো আমি তেমনটা হতে দেখিনি। ক্লান্তিকর একটা মৌসুম শেষে সেটা করাটাও খুব কঠিন।’খুলিত মেসি-রুনি-রোনালদোর ক্লান্তির কথাই বোঝাতে চেয়েছেন। সব যুক্তি-তর্কের উপসংহার তাহলে একটাই দাঁড়ায়—এই বিশ্বকাপটা হতে চলেছে ফন পার্সির। তাহলে শিরোপাটা কি হল্যান্ডের? খুলিত সরাসরি কিছু বলেননি, তবে স্বপ্নটা একেবারেই গোপনও রাখতে পারেননি, ‘ফন পার্সির চোট আর্সেনালের জন্য ট্র্যাজেডি হয়েই এসেছিল। তবে এটা হয়তো হল্যান্ডের ভালোর জন্যই হয়েছে।’ ওয়েবসাইট।