চোটগ্রস্ত আরিফকে পাচ্ছে না ক্লাবও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই বাংলাদেশ ফুটবল দল এখন অনেকটাই ক্ষয়িষ্ণু শক্তির। তার পরও দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আরিফুল ইসলাম ছিটকে পড়লেন মাঠের বাইরে। হাঁটুর চোট সারাতে তিনি এখন কলকাতায়। কাল তাই বাফুফের ডাকা ক্যাম্পে যোগ দিতে পারেননি।আরিফের লিগামেন্ট ৭৫ ভাগ ছিঁড়ে গেছে। এর ফলে এ মৌসুমে মাঠে নামতে পারবেন না বলেই ধরে নিচ্ছে সংশ্লিষ্টরা। মুক্তিযোদ্ধা ছেড়ে এবার শেখ জামালে নাম লেখানোর সব প্রস্তুতিই ছিল আরিফের। শেখ জামালের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল হতাশা নিয়েই বললেন, ‘কাল (পরশু) ওর অস্ত্রোপচার হয়েছে। ওকে এই মৌসুমে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’ওদিকে বাফুফের সংক্ষিপ্ত ক্যাম্পে কাল খেলোয়াড়দের রিপোর্টিং ছিল। তাতে খেলোয়াড়েরা ভালোই সাড়া দিয়েছেন। ডাক পাওয়া ৮১ জনের মধ্যে ষাটের ওপরে খেলোয়াড় বাফুফেতে এসে এবং বাকিরা ফোনে যোগাযোগ করেছেন। আজ থেকেই আবাহনী ও মোহামেডান ক্লাবে আয়োজিত খেলোয়াড়দের আবাসিক ক্যাম্পে সবাই যোগ দেবেন বলে আশাবাদী বাফুফের কোচরা। কেউ ছুটি বা আসতে অপারগতা জানাননি বলে জানা গেছে।আট-দশ দিনের এই ক্যাম্পে খেলোয়াড় বাছাই চলবে। লাল, হলুদ, সবুজ ও সাদা—এই চার ভাগে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের। বাফুফের নতুন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব নেওয়ার পর এই কর্মযজ্ঞ শুরু করেছে। এর আগে কখনো এত বিপুলসংখ্যক খেলোয়াড় নিয়ে ক্যাম্প হয়নি। সেদিক থেকে জাতীয় দল গড়ে তোলার নতুন উদ্যোগ হিসেবেই এটিকে দেখা হচ্ছে।