চোটাঘাতের দায় মেসিরই!
মেসির চোট নিয়ে প্রশ্ন ক্রমেই বড় হচ্ছে। সবচেয়ে বড় কথা, ঘন ঘন এই চোটের জন্য অভিযোগের তিরটা উঠছে মেসির দিকেই। চোট সমস্যাটা নাকি মেসির নিজের দোষেই! অন্য কেউ নন, আর্জেন্টাইনরাই তুলছেন এই প্রশ্ন।
এরই মধ্যে মৌসুমে তিনবার চোট পেয়ে মাঠ ছেড়েছেন মেসি। সর্বশেষ ১০ নভেম্বর রিয়াল বেটিসের ম্যাচে পাওয়া চোটটা তো তাঁকে মাস দুয়েকের জন্য ছিটকে ফেলেছে মাঠের বাইরে। মেসির চোট নিয়ে আর্জেন্টাইনদের শঙ্কার কারণটাও অনুমিতই। সামনেই তো বিশ্বকাপ। তবে শঙ্কার সঙ্গে আর্জেন্টাইনরা ছুড়ে দিচ্ছে অভিযোগমিশ্রিত প্রশ্নও। দুই দিন আগে আর্জেন্টিনার পত্রিকা ওলে এক বিতর্কিত প্রতিবেদন ছেপেছে। যাতে চোটের পেছনে একাধিক কারণ তুলে ধরা হয়েছে।
ওলের সঙ্গে সুর মিলিয়ে ট্রেনার ফার্নান্দো সিনোরিনিও বলছেন, চোটাঘাতের দায় মেসিরই। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই ট্রেনার কাজ করেছেন মেসির সঙ্গেও। খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনার উজ্জ্বল সময়টায় ছিলেন তাঁর ব্যক্তিগত ট্রেনার। ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ থাকার সময়ে কাজ করেছেন জাতীয় দলে। ২০১০ বিশ্বকাপের পর ম্যারাডোনার বিদায়ের সঙ্গে সঙ্গে তাঁকেও সরে যেতে হয়। তার আগ পর্যন্ত মেসিদের শরীর-স্বাস্থ্যের দেখভাল করার দায়িত্বটা পালন করেছেন দক্ষতার সঙ্গেই। সে অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এই ছেলে (মেসি) তা জানে না। খেলাটার প্রতি সে খুবই আবেগপ্রবণ।’
গত পাঁচ মৌসুমে বার্সেলোনার হয়ে প্রায় প্রতিটা ম্যাচই খেলেছেন মেসি। সিনোরিনির ইঙ্গিতটা পরিষ্কার, ক্লাবের হয়ে বেশি দায়িত্ব নিতে গিয়েই নিজের সর্বনাশ করেছেন মেসি, ‘এটা ঠিক যে চুক্তিটা খেলার জন্যই। তবে খেলোয়াড়কে জানতে হবে কখন তাকে থামিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সে এটা নিয়ন্ত্রণ করতে না পারবে, পেছন থেকে অন্য কাউকে তাকে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তাটা বুঝতে হবে’—সংবাদ সংস্থা এপিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন সাইনোরিনি
মেসির উদ্দেশে তাঁর একসময়ের ট্রেনারের পরামর্শ, ‘তাকে যত্নে রাখা নিয়ে যারা কথা বলে, তাদের প্রতি তার আত্মবিশ্বাস থাকতে হবে। একইভাবে খেলোয়াড়কেও বুঝবে হবে, কখন তার থামতে হবে এবং বিরতি নিতে হবে।’ ওয়েবসাইট।