চোটে জেরবার রিয়াল
‘আন্তর্জাতিক ছুটি’র পর আজ থেকেই আবার মাঠে নামছে লিগ। আর প্রথম দিনেই মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা যাচ্ছে দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে। নিজেদের মাঠ বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ সেল্টা ভিগো।কাকতালীয়ভাবে আজকের সূচিটা মনে করিয়ে দিচ্ছে ঠিক ১০ বছরের আগের সেই ঘটনাটা। ২০০২-০৩ মৌসুমে শীর্ষ স্থানের জন্য লড়াই করা দেপোর্তিভো আর সেল্টা লিগ শেষ করেছিল তৃতীয় ও চতুর্থ হয়ে। সেবার লিগের ঠিক এই পর্যায়ে এসে দেপোর্তিভোর মুখোমুখি হয়েছিল বার্সা, আর রিয়াল সেল্টা ভিগোর। মাস কয়েক আগে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে কিংস কাপ জেতা দেপোর্তিভো নিজেদের মাঠে বার্সাকে হারিয়েছিল ২-০ গোলে, আর বার্নাব্যুতে সেল্টা রিয়ালকে আটকে দিয়েছিল ১-১ গোলে। পরে শিরোপা জিতেছিল রিয়াল, বার্সা লিগ শেষ করেছিল পঞ্চম হয়ে!এবার অবশ্য বার্সেলোনা এরই মধ্যে রিয়ালের চেয়ে এগিয়ে ৮ পয়েন্টে। এমন বিপন্ন অবস্থায় রিয়াল আক্রান্ত ‘ফিফা ভাইরাসে’! ১৯ খেলোয়াড়ের সাতজনকেই আজ একাদশে পাচ্ছেন না হোসে মরিনহো। এঁরা বিশ্বকাপ বাছাই ম্যাচে চোট পেয়েছেন। ব্রাজিলের হয়ে অনুশীলনে পা ভেঙে যাওয়ায় তিন মাসের জন্য বাইরে ছিটকে গেছেন মার্সেলো। ফ্রান্সের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে চোট পেয়েছেন রাইটব্যাক আলভেরো আরবেলোয়াও। ফ্যাবিও কোয়েনত্রাও তো কয়েক সপ্তাহ ধরেই মাঠের বাইরে। ফলে বাধ্য হয়েই আজ রিয়ালকে রক্ষণ সাজাতে হবে জোড়াতালি দিয়ে। খেদিরা জার্মানির হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলার আগেই পেশির চোট পেয়েছেন। বেনজেমা, হিগুয়েইনরা চোট পেয়েছেন নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। এ জন্যই বিশ্রাম দেওয়া হবে তাঁদের, কেননা আগামী বুধবারই বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ।আজ রিয়ালের খর্বশক্তির সুবিধা নিয়ে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে সেল্টা ভিগো, তা হলে রিয়াল বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়বে আরও। বিশ্বকাপ বাছাইপর্ব বার্সেলোনা শিবিরকে বাড়তি কোনো চোট ‘উপহার’ দেয়নি। টিটো ভিলানোভার দল তুলনামূলকভাবে স্বস্তিতেই আছে। যদিও চোটগ্রস্ত দুই বিশ্বস্ত সেন্টারব্যাক পুয়োল-পিকেকে এ ম্যাচেও পাচ্ছে না, রাইটব্যাক দানি আলভেজও চোটের কারণে বাইরে। রক্ষণটা একটা বড় সমস্যা হয়ে রয়েছে বলে বার্সেলোনাকে সতর্কই থাকতে হবে। বার্সা জানে, দেপোর্তিভোর কাছে হারলে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধানটা নেমে আসবে ৫-এ। আর প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদেরও বার্সার সমান ১৯ পয়েন্ট, শুধু গোল-ব্যবধানেই পিছিয়ে রয়েছে দুইয়ে। আজ অ্যাটলেটিকো যাচ্ছে রিয়াল সোসিয়েদাদের মাঠে। সোসিয়েদাদ অবশ্য এ মুহূর্তে সহজ প্রতিপক্ষ নয়, কারণ নিজেদের মাঠে মৌসুমের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। রয়টার্স, এএফপি।