চোটের কারণ বুট!
অভিষেক টেস্টেই দলের স্মরণীয় এক জয়ের নায়ক। এর পর থেকেই মাঠের বাইরে প্যাট কামিন্স। টেস্ট ক্যারিয়ার স্বপ্নের মতো শুরুর পর চোট বাইরে ছিটকে দিয়েছে জেমস প্যাটিনসনকেও। আরেক উঠতি তরুণ পেসার জন হ্যাজেলউড চোট পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে। তিনটিকে বিচ্ছিন্ন ঘটনাই মনে করা হচ্ছিল। তবে একটা যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে—বুট! ধারণা করা হচ্ছে, বুটের দোষেই চোট পেতে পারেন তিনজন! ব্যাপারটার নাকি তদন্তও করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।তিনজনই ‘অ্যাসিকস’ বুট পরেন, সন্দেহের শুরু এ থেকেই। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় দারুণ জনপ্রিয় এই কোম্পানির বুট। এ মৌসুমের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে লোভনীয় অঙ্কের চুক্তিও হয়েছে অ্যাসিকসের। জোহানেসবার্গে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়ার সময়ই পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন কামিন্স। প্রথম ৪ টেস্টেই ২৫ উইকেট নেওয়া প্যাটিনসনও সিডনিতে হঠাৎ পায়ে ব্যথা টের পান। গত বছর ওয়ানডে অভিষেক হওয়ার পরপরই পিঠের চোটে মাঠের বাইরে ছিটকে যান হ্যাজেলউড। দীর্ঘদিন পর মাঠে ফিরেই আবার বাঁ পায়ে চোট পেয়ে মৌসুম শেষ হয়ে গেছে ২১ বছর বয়সী পেসারের। ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড তাই ব্যাপারটা তদন্ত করতে বলেছেন বোর্ডকে। ঘটনা সত্যি হলে বোর্ডের সঙ্গে চুক্তিটি তো সুতায় ঝুলবেই, বাজারও হারাতে পারে অ্যাসিকস। ওয়েবসাইট।