চোটের সঙ্গে অস্ট্রেলিয়ার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ম্যাচ সিরিজে ৬-১-এ জয়, বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি। টিম নিলসেন তবু ঠিক স্বস্তিতে নেই। তাঁর দল যে ইনজুরি-জর্জরিত! আগামীকাল ভারতের উদ্দেশে দেশ ছাড়বে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল, অথচ অধিনায়কসহ সেরা একাদশের তিনজনের ফিটনেস নিয়ে আছে শঙ্কা। রিকি পন্টিং ও নাথান হরিজের চোট উন্নতির দিকে। তবে বিশ্বকাপের প্রথম দু-একটি ম্যাচ নিশ্চিতভাবেই মিস করতে যাচ্ছেন মাইক হাসি।খুব শঙ্কার নয়, তবে পেশিতে চোট আছে স্টিভেন স্মিথেরও। সব মিলিয়ে চিন্তার ভাঁজ অস্ট্রেলীয় কোচের কপালে, ‘দুই, তিন বা চারজন অনিশ্চিত ক্রিকেটার থাকলে তো ঝামেলা। এর মানে শুরুতে আমরা মাত্র ১১ জন ফিট ক্রিকেটারকে পাচ্ছি। বিশ্বকাপের মতো আসরে এটা তো হতে পারে না।’সমস্যার শেষ এখানেই নয়। শেষ পর্যন্ত এঁরা কেউ খেলতে না পারলে যাঁদের নাম সবার আগে আসবে, তাঁরাও ভুগছেন চোটে। হাসির মতো হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তাঁর সম্ভাব্য বদলি শন মার্শ, হরিজের সম্ভাব্য বদলি জেভিয়ার ডোহার্টির চোট পিঠে। গত ২১ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় নড়ে যায় হরিজের। বিশ্বকাপ দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অবশ্য দাবি করছেন, প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।ফিট হওয়ার পথে রয়েছেন পন্টিংও। বক্সিং ডে টেস্টে বাঁ হাতের কনিষ্ঠায় চোট পাওয়ার পর অস্ত্রোপচার করিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক। ঠিক পথেই এগোচ্ছে তাঁর পুনর্বাসন। নেটে কয়েক প্রস্থ ব্যাটিংও করেছেন। তার পরও পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত শঙ্কা থাকছেই। এই বিশ্বকাপটা পন্টিংয়ের জন্য কঠিন পরীক্ষা। অধিনায়ক হিসেবে টানা তৃতীয় বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তির হাতছানি যেমন আছে, তেমনি আছে ব্যর্থ হলে অধিনায়কত্ব হারানোর শঙ্কাও।সবচেয়ে বড় শঙ্কা হাসিকে নিয়ে। বাঁহাতি ব্যাটসম্যানের হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার হয়েছে চূড়ান্ত দল ঘোষণার পরদিন। প্রথম ম্যাচগুলোয় খেলা নিয়ে সংশয়ে আছেন হাসি নিজেই, ‘পুনর্বাসন খুব ভালোভাবে এগোচ্ছে। অস্ত্রোপচার হওয়ার পর সপ্তাহ তিনেক পেরিয়ে গেছে, আমি হালকা রানিং শুরু করেছি। আমি নিশ্চিত, শতভাগ ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় আমার হাতে আছে। প্রথম দুটি ম্যাচে না হলেও ৫ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারব।’চোট পাওয়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন হাসি। তাঁকে না পেলে নিশ্চিতভাবেই ধাক্কা খাবে অস্ট্রেলিয়ার শিরোপা ধরে রাখার অভিযান। সব মিলিয়ে বলা যায় চোটের কাছে বন্দী অস্ট্রেলিয়ার বিশ্বকাপ-ভাগ্য। ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা, দুই দিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে আহমেদাবাদে। ওয়েবসাইট।