চোর-ডাকুরও বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ফুটবল খেলা শুরু হওয়ার আগেই কয়েক দফা চোর-ডাকু খেলা হয়ে গেছে দক্ষিণ আফ্রিকায়! সেই শুরু থেকেই আফ্রিকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে তুমুল সন্দিহান ছিলেন অনেকেই। তবে খোদ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার অবশ্য কদিন আগেও জোর গলায় বলেছিলেন—নো চিন্তা! আফ্রিকার নিরাপত্তাব্যবস্থা অতি উত্তম। কিন্তু গত দুই দিনের ঘটনা বলছে, একদম নির্ভাবনায় ‘ডু ফূর্তি’ করে বেড়াচ্ছে চোর-ডাকুর দল! নিজেদের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সম্ভার দিয়ে পর্যটকদের আকর্ষণ করার একটা বিশাল সুযোগ তো বটেই। কিন্তু চোর-ডাকুরা যে বাড়া ভাতে ছাই দিতে শুরু করেছে বিপুল উদ্দামে!গত বৃহস্পতিবার জোহানেসবার্গের পাশে সেয়োটোতে তিন চীনা সাংবাদিক ফিরছিলেন গাড়িতে চেপে। পথ আগলে দাঁড়ায় অস্ত্রধারী ডাকাত দল। টাকা আর দামি একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে ওরা চীনা সাংবাদিকদের কাছ থেকে। চীন দূতাবাস ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। তবে দক্ষিণ আফ্রিকা পুলিশ বলছে, তারা কিছুই জানে না। এমনকি কোনো রকমের মামলাও হয়নি এই ঘটনায়। এ ছাড়া ওই দিনই স্পেন ও পর্তুগালের আরও দুজন সাংবাদিক ডাকাতের খপ্পরে পড়েছিলেন। ঘটনাটি ঘটে জোহানেসবার্গের কিছুটা উত্তরের নিরিবিলি শহর মাগালিসবার্গে। ওই দুজন সাংবাদিকের কাছ থেকে অস্ত্রের মুখে ক্যামেরা, কম্পিউটার, ক্রেডিট কার্ড এবং নগদ টাকা হাতিয়ে নেয় ডাকাতেরা। ফিফা জানিয়েছে, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে ডারবানের বেভারলি হিলস হোটেলের কক্ষ থেকে গ্রিস দলের তিন খেলোয়াড়ের টাকা চুরি গেছে। তার পরও হোটেল কর্তৃপক্ষের টনক নড়েনি দেখে বিস্মিত গ্রিস। দলের মুখপাত্র মাইকেল সাপিডিস ব্যঙ্গাত্মক সুরেই জানিয়েছেন, ‘এই ব্যাপারে খেলোয়াড়েরা অবশ্য খুব বেশি মর্মাহত হয়নি। হোটেল কর্তৃপক্ষ ব্যাপারটি নিয়ে এতটাই নির্বিকার ছিল যে আমরা “অতি সন্তুষ্ট”!’আর সর্বশেষ চুরির শিকার হয়েছেন কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন এবং তানজানিয়ার মোট ১১ জন পর্যটক। কেপটাউনের পাশে একটি ওয়াইন খামারে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। ফিরে এসে দেখেন নয়টি পাসপোর্ট, দুটি ডিজিটাল ক্যামেরা, একটি ল্যাপটপ এবং ৫০০ ডলারের মতো টাকা খোয়া গেছে তাঁদের। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।এই ঘটনাগুলোর পর আফ্রিকার পুলিশ অবশ্য সবাইকে আশ্বস্ত করার প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তাব্যবস্থার ‘বেহালহকিকত’ দেখে যারপরনাই হতাশ সাংবাদিক মহল এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সাধারণ দর্শক। রয়টার্স।