চোরের কবলে গ্রিস ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় অপরাধ-প্রবণতা নিয়ে বেশ শঙ্কিত ছিলেন এবারের বিশ্বকাপ আয়োজকেরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দক্ষিণ আফ্রিকা সরকার অপরাধ দমনের জন্য অনেক পদক্ষেপও নিয়েছে। এর পরও কিছু ফাঁক-ফোকর বোধহয় থেকেই গেছে। কারণ, আজ বৃহস্পতিবার ডারবানের বেভেরলি হিল হোটেল থেকে টাকা চুরি হয়ে গেছে গ্রিসের তিন খেলোয়াড়ের। তবে বিষয়টিকে খুব একটা পাত্তা দিতে চাচ্ছেন না গ্রিসের খেলোয়াড়েরা। মনঃক্ষুণ্ন হওয়া তো দূরের কথা, বরং হোটেল কর্তৃপক্ষ টাকার চুরি যাওয়ার বিষয়টির ব্যাপারে তত্পর হওয়াতেই তারা ‘খুবই সন্তুষ্ট’। গ্রিস দলের মুখপাত্র মাইকেল টাপিডিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা বিষয়টিকে খুব একটা বড় করে দেখছি না। এ রকম ঘটনা পৃথিবীর যেকোনো জায়গাতেই ঘটতে পারে।’ বিশ্বকাপ শুরুর মাত্র এক দিন আগে এমন বিব্রতকর অবস্থা থেকে মুক্তি দেওয়ায় গ্রিস দলকে নিশ্চয়ই অজস্র ধন্যবাদ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার আয়োজকেরা।