চ্যানেল নাইনে এশিয়া কাপ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করার অভিজ্ঞতা আছে তাদের। এর আগে বিপিএল, আইপিএলের পাশাপাশি জিম্বাবুয়েতে বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় টুর্নামেন্ট ও বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ক্রিকেট সিরিজ সরাসরি সম্প্রচার করেছে। সেই অভিজ্ঞতার আলোকে এবার এশিয়া কাপ ক্রিকেটের সব কটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। এই টুর্নামেন্ট বাংলাদেশে সম্প্রচারের একক টিভি স্বত্ব পেয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।
এশিয়া কাপ ক্রিকেট শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। ফতুল্লা খান সাহেব ওসমান আলী ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ১১টি ম্যাচ। চ্যানেল নাইনের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনেও অবশ্য এশিয়া কাপের খেলা দেখা যাবে।
কাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান জানালেন, খেলা দেখানোর পাশাপাশি এশিয়া কাপ নিয়ে বিশেষ অনুষ্ঠানমালারও পরিকল্পনা করেছে চ্যানেল নাইন। ভবিষ্যতে ক্রীড়াবিষয়ক চ্যানেলই দর্শকদের উপহার দিতে চান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জামিল আহমেদ খান, হেড অব নিউজ (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) আমিনুর রশীদ প্রমুখ।