চ্যাপেল আমার ক্যারিয়ারই ধ্বংস করে দিয়েছেন: সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেগ চ্যাপেলকে নিয়ে ভারতীয় ক্রিকেটারদের অসন্তুষ্টির কথা সবারই কমবেশি জানাই আছে। সেই পুরোনো কথাই আবার নতুন করে মনে করিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। চ্যাপেল তাঁর ক্রিকেট ক্যারিয়ারই ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক।২০০৫ সালে ভারতের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন চ্যাপেল। এরপর থেকে তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে নানা ঝামেলায় জড়িয়ে পড়েন ভারতের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার। সম্প্রতি চ্যাপেলকে নিয়ে শোরগোল শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটেও। অসিদের নির্বাচক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। গাঙ্গুলি এখন সবাইকে আবার মনে করিয়ে দিলেন যে, আগেও তিনিই ঠিক ছিলেন। সমস্যা ছিল চ্যাপেলেরই। গতকাল মুম্বাই ডেইলিকে দেওয়া এক সাক্ষাত্কারে গাঙ্গুলি বলেছেন, ‘চ্যাপেলকে নিয়ে আর কত বিতর্ক তৈরি হবে? তিনি আমার ক্যারিয়ারটাই ধ্বংস করেছেন। এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছে যে, কে ঠিক আর কে ভুল।’