চ্যাপেল-বিদ্বেষী জহির খান
২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের কোচের দায়িত্বে ছিলেন গ্রেগ চ্যাপেল। সে সময় ভারতীয় জ্যেষ্ঠ ক্রিকেটারদের অনেকের সঙ্গেই সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সুসম্পর্ক ছিল না বলে শোনা গিয়েছিল। এবার সেই কথাটা প্রকাশ্যেই বলে ফেলেছেন জহির খান। চ্যাপেলের অধীনে দুই বছর সময়টাকেই ক্যারিয়ারের ‘সবচেয়ে বাজে সময়’ বলে উল্লেখ করেছেন ভারতীয় এই ফাস্ট বোলার।গ্রেগ চ্যাপেলের কড়া সমালোচনা করে জহির খান বলেছেন, ‘সে সময় আমরা সব সময় চাপের মধ্যে থাকতাম। দলে জায়গা পাওয়া নিয়ে সব সময়ই আমাদের চিন্তিত থাকতে হতো। অনেক সময় কোনো কারণ ছাড়াই, কেবল তাঁর পছন্দ না হওয়ার কারণে কোনো কোনো খেলোয়াড়কে বাদ পড়তে হতো। তিনি কখনোই পারফরমেন্স বিচার করতেন না। শ্রীলঙ্কা সফরের পরপরই আমাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। যদিও আমার পারফরমেন্স খারাপ ছিল না। দলে জায়গা পাওয়া নিয়েই যখন যুদ্ধ করতে হয়, তখন মাঠে গিয়ে ভালো খেলাটা খুবই কঠিন।’২০০৫ সালের মে মাসে ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গ্রেগ চ্যাপেল। ২০০৭ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই ভারতের লজ্জাজনক বিদায়ের পর আর চুক্তির মেয়াদ বাড়াননি তিনি। ইএসপিএন।