চার বছর আগে সেঞ্চুরিয়নের রাতটির কথা স্পষ্ট মনে পড়ে কাইল মিলসের। নিউজিল্যান্ডের হয়ে প্রথম বৈশ্বিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নেমেছিলেন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। দুর্দান্ত বোলিং করে ১০ ওভারে ২৭ রানে নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু শেন ওয়াটসনের ব্যাটিং ঝড়ে খুন হয়েছিল মিলসের স্বপ্ন। অপরাজিত সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় শিরোপা জিতিয়েছিলেন ওয়াটসন। আজ এজবাস্টনে মিলসদের সুযোগ অস্ট্রেলিয়াকে সেই যন্ত্রণা কিছুটা ফিরিয়ে দেওয়ার।
ফাইনাল অবশ্যই নয়, স্রেফ একটি গ্রুপ ম্যাচ। তবে অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি ‘ফাইনাল’-এর মতোই। গত দুবারের চ্যাম্পিয়নরা এবার শুরু করেছে হার দিয়ে। আজও হারলে ভাগ্য ঝুলবে সুতোয়। শেষ চারে থাকতে হলে তখন পরের ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর ইংল্যান্ডকে হারতে হবে টানা দুই ম্যাচ। এই দুটি হিসাবও যদি মিলে যায়, তখনো থাকবে রানরেটের হিসাব-নিকাশ। ভাগ্যের এতটা পক্ষপাতিত্ব পাওয়ার নিশ্চয়তা কোথায়!
তাসমান সাগরের ওপারের প্রতিবেশীদের বিপক্ষে বরাবরই নিজেদের উজাড় করে দিতে চায় কিউইরা। আজ জিতলে অস্ট্রেলিয়াকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হবে, পাশাপাশি নিজেরাও এক পা দিয়ে ফেলবে সেমিফাইনালে। কিউইদের তাই প্রেরণার অভাব নেই। মুখোমুখি লড়াইয়ে যেমন, তেমনি র্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়া ২, নিউজিল্যান্ড ৭)। তার পরও আজ নিউজিল্যান্ডকে ফেবারিট ভাবার লোকই বেশি। কারণ সাম্প্রতিক ফর্ম। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে তাদের দেশেই সিরিজ হারানোর পর চ্যাম্পিয়নস ট্রফিতেও জয় দিয়ে শুরু করার পর টুর্নামেন্টের অন্যতম ফেবারিটও ভাবা হচ্ছে নিউজিল্যান্ডকে!
প্রথম ম্যাচে ব্যাটে-বলে পুরোপুরিই দিশাহীন মনে হয়েছে অস্ট্রেলিয়াকে। দলকে লক্ষ্যে ফেরাতে পারতেন যিনি, সেই অধিনায়ক মাইকেল ক্লার্ক পিঠের চোটের কারণে খেলতে পারছেন না আজও। সহকারী জর্জ বেইলিকেই তাই করতে হবে কঠিন কাজটা। ব্যাটিংটাই মূল দুশ্চিন্তা। দুটি প্রস্তুতি ম্যাচে শূন্য করার পর প্রথম ম্যাচে ৯ রানে ফিরেছেন ওয়ার্নার। রানে নেই হিউজ-ওয়েডরাও। ভোজেস দলে জায়গা নিয়ে অনিশ্চয়তায়। অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে তাই খানিকটা ‘মনস্তাত্ত্বিক খেলা’ খেলতে ভুললেন না মিলস, ‘জয়ের তাড়না তো আছেই, দলে জায়গা নিশ্চিত করা নিয়েও চাপে থাকবে ওদের টপ অর্ডার। সুযোগটা নিতে পারলে ওদের আরও চাপে ফেলা যাবে।’
নিউজিল্যান্ডও সম্ভবত পাচ্ছে না ড্যানিয়েল ভেট্টোরিকে। আগের ম্যাচে স্যালাইন ইনজেকশন নিয়ে খেলেছিলেন। সামনের ম্যাচগুলোর কথা ভেবে আজ বিশ্রাম দেওয়া হতে পারে সাবেক অধিনায়ককে। তবে সেটা নিয়ে খুব একটা ভাবছেও না কিউইরা। গত কিছুদিন ভেট্টোরিকে ছাড়া খেলা একরকম অভ্যাসই হয়ে গেছে তাদের। তথ্যসূত্র: এএফপি ও ক্রিকইনফো।
মু খো মু খি
ম্যাচ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পরিত্যক্ত
মোট ১২৪ ৮৪ ৩৫ ৫
ইংল্যান্ডে ২ ১ ১ ০