প্রথম দুই ম্যাচ খেলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল দুই দলই। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে শুধু নিয়মরক্ষার নাম ছিল না । ছিল কিছুটা সম্মান নিয়ে ফেরার উপলক্ষ। হুয়ান মাতা, ডেভিড ভিয়া আর ফার্নান্দো তোরেসের গোলে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে স্পেন পেল তিন পয়েন্ট। বিস্মরণযোগ্য ব্রাজিল অধ্যায়টা সান্ত্বনার জয় দিয়ে শেষ করল ভিসেন্তে দেল বস্কের দল।
প্রায় নতুন দলই নামিয়েছিলেন দেল বস্ক, চিলির সঙ্গে ম্যাচের মূল একাদশের সাতজন জায়গা ছেড়ে দিয়েছিলেন ভিয়া-মাতা-তোরেসদের জন্য। এই বদল কি আগামী দিনের নতুন লাল সাম্রাজ্যের বদলেরও ইঙ্গিত দিল না? সুযোগের সদ্ব্যবহারই করেছেন স্পেনের সোনালি যুগের দুই স্ট্রাইকার। ম্যাচের ৩৬ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ সতীর্থ ডিফেন্ডার হুয়ানফ্রানের ক্রসে দর্শনীয় ব্যাকহিল করে স্পেনকে এগিয়ে দেন গত বিশ্বকাপের সিলভার বুটজয়ী ভিয়া। গোলটি বিশ্বকাপে তাঁর নবম গোল। বিরতির পর ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান তোরেস, শততম ম্যাচ খেলা আন্দ্রেস ইনিয়েস্তার থ্রু ধরে ডান পায়ের শটে অস্ট্রেলিয়া গোলরক্ষক রায়ানকে পরাস্ত করেন চেলসি স্ট্রাইকার। ১৩ মিনিট পর ক্লান্ত সকারুদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মাতার গোল, গোলটির উৎসমুখে ছিলেন সেস্ক ফ্যাব্রিগাস।
ম্যাচ জিতলেও ভিয়া, তোরেস, মাতাদের পারফরম্যান্স প্রথম দুই ম্যাচে কোচ দেল বস্কের প্রথম একাদশ নির্বাচনকে কি আরেকবার প্রশ্নবিদ্ধ করল?