চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না স্মিথ
বাঁ পায়ের গোড়ালিতে ব্যথার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথ। পুরোনো ইনজুরিটা নতুন করে মাথাচাড়া দেওয়ায় এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও অংশ নিতে পারবেন না এই বাঁহাতি ওপেনার। গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে গ্রায়েম স্মিথের এই ইনজুরির সমস্যা নতুন করে দেখা দিয়েছিল। এর পরও খেলা চালিয়ে গেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার সময় নতুন করে পায়ে আঘাত পান তিনি। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহামেদ মোসাজি বলেছেন, ‘কয়েক মাস ধরেই বাঁ পায়ের গোড়ালি নিয়ে সমস্যায় ভুগছিলেন স্মিথ। নিবিড় পরিচর্যা ও চিকিত্সার পরও তাঁর ইনজুরির সমস্যাটা ফিরে এসেছে। গত বুধবার আবার নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন তাঁর পায়ে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য কমপক্ষে চার বা ছয় মাস তাঁকে মাঠের বাইরে কাটাতে হতে পারে। এ কারণে দুর্ভাগ্যবশত তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পারবেন না।’গ্রায়েম স্মিথের পরিবর্তে কাকে দলে জায়গা দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করতে পারেননি দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা। চ্যাম্পিয়নস ট্রফিতে প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবি ডি ভিলিয়ার্স।— রয়টার্স