চ্যাম্পিয়নস লিগ খেলা হচ্ছে না পাকিস্তানিদের
চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি আসরে খেলার কথা পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি ফয়সলাবাদ উলভসের। কিন্তু ভারত-পাকিস্তানের সেই পুরোনো রাজনৈতিক টানাপোড়েনের জেরে প্রতিযোগিতাটিতে হয়তো শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তাদের। ‘পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা’র ব্যাপারটি বিবেচনা করে ভারত সরকার নাকি তাঁদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। সম্প্রতি কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি সত্ত্বেও পাকিস্তানি সেনারা তা মানছেন না—এমন অভিযোগ করে আসছে ভারত সরকার। পাকিস্তানি সেনাদের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের ‘কোপ’ তাই এখন পড়তে যাচ্ছে ক্রিকেটারদের ওপর। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এই প্রথমবারের মতো জাতীয় দলের বাইরে পাকিস্তানি ক্রিকেটারদের ভারতের মাটিতে খেলার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা বোধ হয় এখন তিরোহিতই হতে চলেছে।
১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ফয়সলাবাদের খেলার কথা কোয়ালিফাইং পর্ব থেকেই। কিন্তু গতকাল বুধবার ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানি কোনো দলের জন্য ভারতীয় ভিসা ইস্যু করা সম্ভব নয়। গত ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফরের মধ্য দিয়ে এই দুটি দেশের ক্রিকেট সম্পর্ক যে নতুন পথচলার সন্ধান পেয়েছিল, ভারত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত তাতে বড় ধরনের এক ধাক্কা হিসেবেই বিবেচিত হবে। সূত্র: এই সময়, কলকাতা।