চ্যাম্পিয়নস লিগে চোখ আলোনসোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগই এই মুহূর্তে রিয়াল ফুটবলারদের সবচেয়ে বড় আরাধ্য। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা খুব ভালো করেই জানেন যে শিরোপা অক্ষুণ্ন রাখার স্বপ্ন অনেকটাই ফ্যাকাশে এখন তাদের কাছে। তাই যেভাবেই হোক, ইউরোপসেরার মুকুটটি মাথায় পরে ‘শেষ ভালো’টিকে হাতের মুঠোয় নিয়ে রাখতে চান তাঁরা।‘লস ব্ল্যাঙ্কোস’ মিডফিল্ডার জাবি আলোনসোরও এমনটাই লক্ষ্য। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাত্কারে আলোনসো জানিয়েছেন, ‘এই মুহূর্তে মাদ্রিদে আমাদের সবার লক্ষ্যই চ্যাম্পিয়নস লিগ জয়।’ তবে এই লক্ষ্যের পথে হাঁটতে গিয়ে রিয়াল মাদ্রিদকে যে সবচেয়ে আগে বড় বড় বাধা ডিঙিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিতে হবে—সেটা বলতে অবশ্য ভুলে যাননি স্পেনের জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ও অভিজ্ঞ মধ্যমাঠের তারকা।ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে রিয়ালের আসন্ন প্রতিপক্ষ তুর্কি জায়ান্ট গ্যালাতেসারে। শনিবার জারাগোজার বিপক্ষে লা লিগার একটি ম্যাচ থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ-সমর্থকদের আগ্রহের কেন্দ্রে এখন গ্যালাতেসারের বিপক্ষে লড়াই।গ্যালাতেসারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটি রিয়ালের মাঠেই অনুষ্ঠিত হবে। ওই ম্যাচটি নিয়ে সমর্থকদের মতো তেতে আছেন জাবি আলোনসোও। তিনি জানিয়েছেন, গ্যালাতেসারের বিপক্ষে ম্যাচটি পরিবেশ-পরিস্থিতির বিচারে দারুণ এক লড়াই-ই হবে। আলোনসো স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, গ্যালাতেসারের বিপক্ষে ঘরের মাঠে জয় বিনা অন্যকিছু একেবারেই ভাবছেন না রিয়াল খেলোয়াড়েরা।তবে আলোনসো জানেন, দশমবারের মতো ইউরোপসেরার মুকুট হাতের মুঠোয় নিয়ে আসতে রিয়ালকে এখনো পাড়ি দিতে হবে অনেক পথ। তিনি বলেন, ‘বুধবার গ্যালাতেসারের বিপক্ষে ম্যাচটি ছাড়াও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যেতে হলে আমাদের আরও কিছু বাধা পার হতে হবে।’তাঁর মতে, সমর্থকদের দিকে চেয়েই চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপটি ঘরে তোলার বিকল্প নেই তাঁদের সামনে। ওয়েবসাইট।