চ্যাম্পিয়ন অভিষেক-ত্রাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালেই বাংলাদেশ বসে যায় দর্শকসারিতে। তারপরও কিছু বাংলাদেশি সমর্থক ও নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য উডেনফ্লোর জিমনেসিয়ামের গ্যালারিতে বসে উপভোগ করলেন বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের অভিষেক ইয়েলেগার। ফাইনালে তিনি সরাসরি ২-০ সেটে হারিয়েছেন স্বদেশি শ্রেয়ানাস জয়সওয়ালকে। মহিলা এককের চ্যাম্পিয়ন ভিয়েতনামের দি ত্রাংও সরাসরি ২-০ সেটে হারিয়েছেন স্বদেশি থুই লিন এনইউয়েনকে। পুরুষ দ্বৈতে ভারতের স্বাতিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি ২-১ সেটে হারিয়েছেন স্বদেশি অনিল কুমার রাজু ও ভেঙ্কট প্রাসাদ জুটিকে। মহিলা দ্বৈতে দি ত্রাং ও থুই লিন এনগুয়েন জুটি ২-১ সেটে জিতেছেন ভারতের জাকামপুদি মেঘনা ও পূর্বিশা রামের বিপক্ষে।

ভিয়েতনামের দ্বিমুকুটজয়ী দি ত্রাংয়ের কোচ ভো ভিয়েত ফুয়োক বাংলাদেশে এমন চমৎকার টুর্নামেন্টের আয়োজনে দারুণ খুশি। বাংলাদেশের শাটলারদের পারফরম্যান্স নিয়েও নিজের মতামত জানাতে ভুললেন না, ‘এখানে বেশ কিছু খেলোয়াড়ের খেলা আমার নজরে পড়েছে। মনে হয়েছে সঠিক পরিচর্যা পেলে আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে এদের। তবে এ জন্য ফেডারেশনকে বেশি বেশি টুর্নামেন্টের আয়োজন করতে হবে। খেলোয়াড়েরা যাতে বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পায় সেদিকে নজর দিতে হবে ফেডারেশনকে।’

কাল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি আবদুল মালেকসহ অন্যরা।