চ্যাম্পিয়ন আবাহনী নেই, এল মোহামেডান
১৯৮৪ সালে প্রথম খেলেই অপরাজিত চ্যাম্পিয়ন। পরের বছর রানার্সআপ। তারপর ২০০৪ সালে রানার্সআপ হয়ে বিদায়। মহিলা হ্যান্ডবল লিগে সাত বছর পর ফিরল মোহামেডান। আগামী পরশু পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবলে মোহামেডানের ফিরে আসা বাড়তি আকর্ষণ। তবে নয় দলের লিগে গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর শেষ মুহূর্তে নাম প্রত্যাহার মহিলা হ্যান্ডবলের জন্য বড় ধাক্কাও।হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর হতাশ, ‘আমরা আশা করেছিলাম, আবাহনী-মোহামেডান দুই দলই থেকে লিগটাকে জমিয়ে দেবে। কিন্তু আবাহনী কেন সরে গেল, জানি না। আবাহনী বিস্তারিত কিছু জানায়ওনি।’আবাহনী এর আগে মহিলা ফুটবল লিগে এন্ট্রি করেও শেষ সময়ে সরে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে আবাহনীর মতো দলের এভাবে সরে দাঁড়ানো ক্রীড়াঙ্গনের জন্য শুভ লক্ষণ নয় বলে মনে করছেন সবাই। কাল সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা আবাহনীর প্রতি ফিরে আসার আহ্বান জানিয়েছেন।