চ্যাম্পিয়ন আবাহনীর বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দুই ম্যাচে ড্র। সেমিফাইনালে যাওয়ার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না আবাহনীর। কিন্তু মৌসুমের ট্রেবলজয়ী শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্বেই বিদায় নিল সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়ার পর শেষ সুযোগ ছিল সুপার কাপ। সেটাও ধরে রাখতে পারল না আকাশি-নীলরা।বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা ২-০ গোলে ফেনী সকারকে হারিয়ে উঠে গেল সেমিফাইনালে। মুক্তির গোলদাতা জাহেদ পারভেজ ও ইব্রাহিম।সেমিফাইনালে ওঠার সমীকরণে আবাহনীর মতো একই বিন্দুতে ছিল না মুক্তিযোদ্ধা। গ্রুপের শেষ ম্যাচে ফেনী সকারের বিপক্ষে জয়ের প্রয়োজন তো ছিলই, সেই সঙ্গে তারা অপেক্ষা করছিল আবাহনী-শেখ রাসেলের ম্যাচের ফলের জন্যও। ওই ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে উঠল মুক্তিযোদ্ধা। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল। টানা তিন ম্যাচ ড্রয়ে আবাহনীর ৩ পয়েন্ট।পুরো মৌসুমেই চোট ভুগিয়েছে আবাহনীকে। কালও চোট নিয়ে খেলতে হয়েছে সুজন, ভাসানী, তৌহিদ, চৌম্রিন ও মিশুকে। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে শাখাওয়াত রনিকে ছিটকে দেয় চোট। লিগের ৭ গোল করা স্ট্রাইকারের জায়গা পূরণ করতে পারেননি কেউই। চোটের সঙ্গে পাল্লা দিয়ে ছিল গোল মিসের মহড়াও। আগের ম্যাচে ফেনী সকারের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মিশু। নিশ্চিত জয় হাতছাড়া করে কাল কঠিন পরীক্ষা দিতে হয়েছে শেখ রাসেলের বিপক্ষে।টানা দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়া শেখ রাসেলকে কাল দেখা গেল একটু নির্ভারই। আর বাঁচা-মরার লড়াইয়ে আবাহনী শুরু থেকেই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। ২১ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল আবাহনী। বক্সের সামান্য বাইরে থেকে মিশুর নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরে। গোল পেতে পারত শেখ রাসেলও। ৩৮ মিনিটে মিঠুনের জোরালো এক শট ফিস্ট করে ফেরান আবাহনীর গোলরক্ষক সোহেল। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আবাহনী। কিন্তু গোলটা সোনার হরিণ হয়েই থাকে। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো লাল কার্ড দেখেন স্ট্রাইকার এনামুল। ম্যাচের ৫২ মিনিটের সময় এনামুল ঘুষি মারেন শেখ রাসেলের মামুন মিয়ার মুখে। মার খেয়ে মামুনও ফিরতি ঘুষি মারেন। এনামুল মাঠ ছাড়েন লাল কার্ড দেখে, দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মামুন মিয়াকেও। মাঠের উত্তেজনা পরে ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। প্রেসবক্সে হামলা করে আবাহনীর সমর্থকেরা। অবশ্য তাতে ম্যাচ বন্ধ থাকেনি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও গোল পায়নি আবাহনী।মুক্তিযোদ্ধার প্রথম গোলটি ৪৭ মিনিটে। ডান প্রান্ত থেকে লিটনের থ্রো থেকে বল পেয়ে প্লেসিং শটে গোল করেন জাহেদ পারভেজ (১-০)। শেষ বাঁশি বাজার সামান্য আগে শ্যামলের ক্রস থেকে চমৎকার শটে জয় নিশ্চিত করেন ইব্রাহিম (২-০)। মুক্তিকে সেমিফাইনালে ওঠার পুরো কৃতিত্ব শিষ্যদেরই দিলেন কোচ শফিকুল ইসলাম। আর সুপার কাপ থেকে এভাবে বিদায় নিয়ে হতাশ আবাহনীর কোচ অমলেশ সেন ম্যাচ শেষে বললেন, ‘ইনজুরিগ্রস্ত দল নিয়ে মোটেও ভালো খেলা সম্ভব নয়। আমাদের একজনও ভালো স্ট্রাইকার নেই। আগামী মৌসুমে দল গড়ার সময় বিষয়টা ভাবতে হবে।’আজকের খেলামোহামেডান-ব্রাদার্স ও শেখ জামাল-বিজেএমসি (সন্ধ্যা ৬টা ও রাত ৮টা; বঙ্গবন্ধু স্টেডিয়াম)।