সুপার এইটেই থামতে হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। কাল পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ১৯ রানে হেরেছে তারা। ইংল্যান্ডের এই হারে সুপার এইটের গ্রুপ ‘১’ থেকে শ্রীলঙ্কা ছাড়াও সেমিফাইনালে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।ইংল্যান্ডের সামনে ১৭০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে উইকেটে যেভাবে স্পিন ধরেছে, তাতে বোঝাই যাচ্ছিল, এই রান তাড়া করে জেতাটা সহজ হবে না। তবে স্পিনাররা নন, ইংল্যান্ডের আসল হন্তারক হিসেবে আবির্ভূত হয়েছিলেন ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ৩১ রানে নিয়েছেন পাঁচ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। এই অবস্থায় অল্প রানে ইংল্যান্ডের গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও তা হয়নি। হতে দেননি সামিত প্যাটেল ও গ্রায়েম সোয়ান। অষ্টম উইকেটে ২৮ বলে তাঁদের ৫১ রানের জুটিতে ইংল্যান্ড ১৫০ করলেও তা হারের ব্যবধান কমানো ছাড়া কাজে আসেনি। মালিঙ্গার দারুণ এক ডেলিভারি তাঁর স্টাম্প উপড়ে ফেলার আগে ৪৮ বলে ৬৭ করেন প্যাটেল। আর সোয়ান ২০ বলে করেন ৩৪ রান।শ্রীলঙ্কা বড়সড় একটা চমক দিয়েছে টসের সময়। মাহেলা জয়াবর্ধনে নন, স্টুয়ার্ট ব্রডের সঙ্গে টস করতে নামেন কুমার সাঙ্গাকারা! ধারণা করা হচ্ছে, স্লো ওভার রেটের খাঁড়া ঝুলছে জয়াবর্ধনের ওপর। সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও এই খাঁড়ায় পড়ার শঙ্কায়। সেমিফাইনালে এই দুজনকে হারানোর ঝুঁকি না নিতেই সম্ভবত লঙ্কানদের ‘স্মার্ট’ ভাবনা। ইংল্যান্ডের লক্ষ্যটা বড় হতে পারত আরও। দুই দফায় টানা দুই বলে দুটি করে উইকেট হারিয়ে ব্যাহত হয়েছে লঙ্কান ইনিংসের গতি। পঞ্চম ওভারে তিলকরত্নে দিলশানকে হারানোর পর দলকে এগিয়ে নিচ্ছিলেন জয়াবর্ধনে (৩৮ বলে ৪২) ও সাঙ্গাকারা (১২ বলে ১৩)। কিন্তু টানা দুই বলে গ্রায়েম সোয়ান ফেরান লঙ্কান ব্যাটিংয়ের দুই স্তম্ভকে। ওই ওভারেই টানা দুই চারে ইনিংসটাকে আবার ‘জীবন’ দিলেন জীবন মেন্ডিস। চতুর্থ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুসের (১৯ বলে ২৮) সঙ্গে ৫২ রানের জুটি গড়লেন ৩১ বলে। আবার ইংলিশদের জোড়া আঘাত, এবার বোলার অধিনায়ক ব্রড। থিসারা পেরেরার (১৬ বলে ২৬*) ঝড়ে শেষ ৩ ওভারে তার পরও ৩৭ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৯/৬ (জয়াবর্ধনে ৪২, দিলশান ১৬, সাঙ্গাকারা ১৩, ম্যাথুস ২৮, জীবন ১৮, থিরিমান্নে ১৩, পেরেরা ২৬*, কুলাসেকারা ১*; ফিন ১/২৪, ডার্নব্যাখ ০/৪২, ব্রড ৩/৩২, সোয়ান ২/২৬, বোপারা ০/১২, প্যাটেল ০/২৭)।ইংল্যান্ড: ২০ ওভারে ১৫০/৯ (রাইট ১২, হেলস ৩, বেয়ারস্টো ২, প্যাটেল ৬৭, মরগান ১০, বোপারা ১, বাটলার ৮, ব্রড ১, সোয়ান ৩৪, ফিন ১*, ডার্নব্যাখ ২*; ম্যাথুস ০/২১, কুলাসেকারা ১/২২, মালিঙ্গা ৫/৩১, মেন্ডিস ০/৪০, ধনঞ্জয় ২/২৬, জীবন ১/৫)।ফল: শ্রীলঙ্কা ১৯ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: লাসিথ মালিঙ্গা।