চ্যাম্পিয়ন ওয়ান্ডারার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে কবে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি, স্মৃতি হাতড়েও মনে করতে পারলেন না ঢাকা ওয়ান্ডারার্সের কর্মকর্তা জয়গোপাল সরকার। বললেন, ‘১০-১৫ বছর আগে হবে হয়তো।’ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে এবার চ্যাম্পিয়ন হলো ওয়ান্ডারার্স। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে কাল তারা ৪-১ গোলে হারিয়েছে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবকে। গ্রুপ পর্বে চার ম্যাচেই জয়, সুপার ফোরেও জয় তিন ম্যাচেই। দাপটের সঙ্গে লিগ জিতে আগামী মৌসুমের প্রিমিয়ারের টিকিট কাটল ওয়ান্ডারার্স।সাহেদের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল কম্বাইন্ড। কিন্তু ২ গোল করে ম্যাচে আসল পার্থক্যটা গড়ে দেন ওয়ান্ডারার্সের ভারতীয় খেলোয়াড় নীতিন শর্মা। বাকি ২ গোল সাইফুল ও সজীবের। ৭ ম্যাচে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ওয়ান্ডারার্সের মোহাম্মদ মহসিন। ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর মহসিন হকিটা ছেড়েই দিয়েছিল। কোচ ফজলুল ইসলাম জোর করে আবারও হকিতে ফিরিয়ে আনেন। কাল ট্রফিটা কোচকে উৎসর্গ করল কসাইটুলী মুসলিম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র, ‘ওস্তাদ আমাকে নতুন জীবন দিয়েছেন। ভবিষ্যতে জাতীয় দলে খেলতে চাই আমি।’ মহসিনের মামা সাবেক খেলোয়াড় শহীদুল্লাহ খোকন ওয়ান্ডারার্সের কোচ। এই জয়ের পুরো কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের, ‘মাত্র এক মাসের অনুশীলনেও চ্যাম্পিয়ন হতে পেরেছি এই ছেলেদের জন্যই।’ লিগের সেরা খেলোয়াড় রানার্সআপ কম্বাইন্ড স্পোর্টিংয়ের নিজাম উদ্দিন (শিমুল)। চ্যাম্পিয়ন ওয়ান্ডারার্স পেয়েছে ২৫ হাজার টাকা, রানার্সআপ কম্বাইন্ড ১৫ হাজার টাকা।