গতবারের চ্যাম্পিয়ন আর রানার্সআপের লড়াই। জমাট ম্যাচেরই প্রত্যাশা ছিল। তবে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল এবার লিগে অনেকটাই ম্রিয়মাণ। তার ওপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হলো তীব্র্র রোদের মধ্যে। কাগজ-কলমে এক আর দুইয়ের লড়াইটা তাই সেভাবে জমেনি। শেখ জামালকে সহজেই ২-০ গোলে হারিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে মুক্তিযোদ্ধা।এই জয়ে গতবারের রানার্সআপ মুক্তিযোদ্ধার পয়েন্ট ২০। নয় ম্যাচে ছয় জয়, দুই ড্র, এক হার। অন্যদিকে বিবর্ণ অবস্থা শেখ জামালের। নয় ম্যাচে পাঁচ হার, তিন জয়, এক ড্র। পয়েন্ট মাত্র ১০। এবারের লিগযাত্রাটা যেন দুর্বিষহ হয়ে উঠেছে শেখ জামালের কাছে। বিদেশিদের ওপর আস্থা হারিয়ে এদিন শেখ জামালের কোচ আবু ইউসুফ চারজনের পরিবর্তে প্রথম একাদশে রাখেন মাত্র একজন বিদেশি। পরে অবশ্য দুজনকে নামিয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওদিকে গোলরক্ষক ও দলীয় অধিনায়ক আমিনুল অসুস্থ মায়ের চিকিৎসার জন্য রয়েছেন সিঙ্গাপুরে। বিকল্প গোলরক্ষক পিরু চাপের কাছে যেন আত্মসমর্পণ করলেন। এলোমেলো রক্ষণ প্রতিপক্ষকে গোল করার আমন্ত্রণ জানিয়ে প্রথমার্ধেই গোল দুটি খেয়েছে। ৯ মিনিটেই প্রথম গোল। জামালের রক্ষণের গা ছাড়া মনোভাবের সুযোগ নিয়ে জটলা থেকে ডিভাইনের শট ঢোকে জালে। ৩২ মিনিটে পাল্টা আক্রমণে ২-০। জামালের রক্ষণ তখন ছিল পুরোপুরি ছন্নছাড়া। বক্সের বাইরে ছুটে আসেন গোলরক্ষক পিরু। তাঁকে ফাঁকি দিয়ে সহজেই গোল করে মুক্তিযোদ্ধার জয়ে ফেরার রাস্তা তৈরি করে ফেলেন সানডে। দ্বিতীয়ার্ধে মাঝমাঠে খেলোয়াড় বাড়িয়েছে শেখ জামাল। মুক্তিযোদ্ধাও খেলোয়াড় বাড়িয়েছে মাঝমাঠে। ফলে সুবিধা করতে পারেনি জামাল। উপরন্তু দুই গোলের অগ্রগামিতা ধরে রাখতে আর খুব একটা আক্রমণে যেতে আগ্রহী দেখা যায়নি মুক্তিযোদ্ধাকে। ম্যাচের পর শেখ জামালের কোচ আবু ইউসুফ খুবই হতাশ, ‘বিদেশিদের খেলায় মন নেই। মনে হচ্ছে ওরা দেশে ফেরার জন্য ব্যাকুল। চেষ্টা করেও দলটাকে আমি দাঁড় করাতে পারছি না। মাঠে দৃষ্টিকটু সব ভুল করে ম্যাচ হারছে।’ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলামের মুখে অবশ্য সতর্ক প্রতিক্রিয়া, ‘আরও ভালো খেলা উচিত ছিল। আমরা আপাতত শীর্ষে উঠলেও খেলার ধারাবাহিকতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।’৭ ম্যাচে ১৭ পয়েন্ট আবাহনীর। পরের দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ২৩। সে ক্ষেত্রে শেখ জামাল ১৩ পয়েন্ট পিছিয়ে থাকবে আবাহনীর চেয়ে। লিগ মাঝরেখা ছোঁয়ার আগেই গতবারের চ্যাম্পিয়নদের এ কি হাল!অথচ গত ম্যাচটায় শেখ রাসেলকে হারিয়ে আত্মবিশ্বাস খানিকটা ফিরে পেয়েছিল শেখ জামাল। তবে সেটির স্থায়িত্ব ছিল সাময়িক। শেখ জামালের চলার পথটা কণ্টকাকীর্ণ শুরু থেকেই। প্রথম তিন ম্যাচে পাঁচ পয়েন্ট হারিয়ে কোচ ছাঁটাই। নতুন কোচ আবু ইউসুফের অধীনে প্রথম দুই ম্যাচেই পয়েন্টবিহীন। তারপর মোহামেডানকে হারিয়ে জয়ের দেখা পাওয়ার পর আবাহনীর কাছে হার। শেখ রাসেলকে হারিয়ে আবার কি পরাজয়ের বৃত্তে ঢুকে পড়ল শেখ জামাল?