মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গ্যালারি মাতিয়ে রেখেছিল একদল তরুণ। ঢোল, ড্রাম বাজিয়ে সমানে উৎসাহ দিয়ে যাচ্ছিল ফতুল্লা পাইলট স্কুলকে। কিন্তু খেলা শেষে বেশ হতাশ হয়ে বাড়ির পথ ধরল সবাই। শহীদ স্মৃতি মহানগর হকির উত্তেজনাপূর্ণ ফাইনালে সাডেন ডেথে ফতুল্লাকে ৫-৪ গোলে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হলো জিঞ্জিরা পিএম পাইলট স্কুল। নির্ধারিত সময়ে ম্যাচটা ছিল ১-১। ফতুল্লা স্কুলের ছাত্রদের কষ্ট দিয়ে ম্যাচ শেষে উৎসব করল জিঞ্জিরার খেলোয়াড়েরা।অথচ ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ফতুল্লাই! ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল তারা। ২৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয় শাহরিয়ার। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জিঞ্জিরা। ৬৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জিঞ্জিরাকে সমতায় ফেরায় শাকিল। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত ৫টির মধ্যে ফতুল্লার হারুনের হিট ঠেকিয়ে দেয় জিঞ্জিরার গোলরক্ষক সৌরভ। আর জিঞ্জিরাকে সমতায় ফেরানো নায়ক শাকিল মারে পোস্টের বাইরে। সাডেন ডেথে ফতুল্লার সোহেলের গোল ফিরিয়ে দেয় সৌরভ। ততক্ষণে মাঠজুড়ে উল্লাস শুরু করে দেয় জিঞ্জিরার খেলোয়াড়েরা।গত বছর আরমানিটোলা স্কুলের কাছে ফাইনালে হেরে এভাবেই রানার্সআপ ট্রফি নিয়ে ফিরেছিল ফতুল্লা। এবারও হলো না! তবে এসব নিয়ে আক্ষেপ নেই কোচ আবদুর রহিমের, ‘খেলায় হারজিত থাকবেই। আমরা এগিয়ে থেকেও খেলাটা ধরে রাখতে পারিনি। তবে পুরো টুর্নামেন্ট ছেলেরা খুব ভালো খেলেছে।’ প্রথমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি জিঞ্জিরার কোচ আলমগীর ইসলাম, ‘আমরা এক মাস কঠোর অনুশীলন করেছি। আজ এর ফল পেলাম।’ ম্যান অব দ্য ম্যাচ জিঞ্জিরার আক্তার হোসেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট ফতুল্লার নাসিম ইসলাম (সোহেল)। ফেয়ার প্লে ট্রফি জিতেছে আরমানিটোলা স্কুল। খেলা শেষে দুই দলকে ট্রফির পাশাপাশি দেওয়া হয়েছে ১৬টি করে হকিস্টিক।