বঙ্গবন্ধু স্টেডিয়াম মাতিয়ে রাখল খুদে দর্শকেরা। রাজধানী ও আশপাশের সব স্কুল থেকে আসা এসব দর্শক যে কখন কোন দলের সমর্থক ছিল, বোঝা যায়নি। গোল একটা হলেই কান ফাটানো চিৎকার। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ ফুটবলের ফাইনালটা দারুণ এক আনন্দের উপলক্ষ হয়েই এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে।
কাল শেষ হওয়া চতুর্থ টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হলো নীলফামারীর ছোটাপীর যাদুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে তারা বরিশালের উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। ১-১ সমতায় ছিল নির্ধারিত সময়ের খেলা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ময়মনসিংহ ধুবাউড়া কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে তারা ৪-১ গোলে হারিয়েছে রাঙামাটি কাউখালী মগাছড়ি স্কুলকে। জয়ী দলের ফাতেমা, মদিনা, সানজিদা ও তাসলিমা গোল করেছে। রাঙামাটির গোলদাতা সুইনুইমা মারমা। বালিকাদের বিভাগে সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের তহুরা। বালক বিভাগের সেরা নীলফামারীর আশিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে মেয়েরা ট্রফি নিয়েছে, কলসিন্দুর স্কুলের প্রধান শিক্ষিকা মিনতি শীলের সেটা বিশ্বাসই হতে চাইছিল না। অনেক লড়াই করে মেয়েদের এই পর্যায়ে এনেছেন তিনি। কাল ট্রফি হাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছিলেন, ‘আমি একসময় স্কুলে ফুটবল খেলতাম। আমার স্কুলের মাঠেই ছেলেরা প্রতিদিন বিকেলে ফুটবল খেলত। আমি চাইতাম মেয়েরাও এভাবে খেলুক। কিন্তু যখন খেলাটা শুরু করি অনেকেই হুমকি দিয়েছে, বাজে কথা বলেছে। কিন্তু ওদের ভয়ে কখনো থেমে থাকিনি। আজ মনে হচ্ছে আমার কষ্ট সার্থক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খুদে ফুটবলারদের মধ্যেই দেখেন দেশের ফুটবলের ভবিষ্যৎ, ‘আশা করি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ভবিষ্যতের অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।’