চ্যাম্পিয়ন নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্সিটা নৌবাহিনীর। কিন্তু বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনীর মোড়কে খেলেছে প্রায় জাতীয় দলই। টুর্নামেন্ট শুরুর আগে অনেকটা অনুমিতই ছিল চ্যাম্পিয়ন শিরোপাটা নৌবাহিনীরই ঘরে যাচ্ছে। হয়েছেও তা-ই। তবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল বিকেএসপিকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে নৌবাহিনীকে। শেষ পর্যন্ত ৩-২ গোলে বিকেএসপিকে হারিয়ে প্রথমবারের মতো বিজয় দিবসের শিরোপা জিতেছে নৌবাহিনী। ঘরোয়া হকিতে এটিই নৌবাহিনীর প্রথম শিরোপা।
মামুনুর রহমান চয়ন, তাপস বর্মণ, রাসেল মাহমুদ জিমিসহ নৌবাহিনী দলে খেলেন বর্তমান জাতীয় দলের দশ খেলোয়াড়। সবাই নৌবাহিনীর স্থায়ী চাকুরে। নৌবাহিনীকে শিরোপা উপহার দেওয়ার জন্য সবাই একটু বেশিই অনুপ্রাণিত ছিলেন।
দলের প্রতি দায়বদ্ধ থাকার প্রমাণ দেওয়া তো বটেই, মৌসুম শুরুর আগে জিমিরা নিজেদের ঝালিয়ে নেওয়ারও একটা ভালো সুযোগ পেলেন এই টুর্নামেন্টে। আগামী জানুয়ারির শেষ সপ্তাহে হবে দলবদল। আসন্ন এসএ গেমসের ক্যাম্পে থাকা সব খেলোয়াড় অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। জাতীয় দলের কোচ মাহবুব হারুন খেলোয়াড়দের পরখ করে নেওয়ারও সুযোগ পেলেন। বিশেষ করে নৌবাহিনী-বিকেএসপি ম্যাচটিই তাঁকে টানল বেশি করে।
১৪ মিনিটে প্রথমে ফিল্ড গোল থেকে নৌবাহিনীকে এগিয়ে নেন মইনুল ইসলাম কৌশিক। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বিকেএসপির আশরাফুল ম্যাচে সমতা আনেন (১-১)। ৪৬ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় নৌবাহিনী (২-১)। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ২-২ করে ফেলেন বিকেএসপির সোহানুর। আর ৬১ মিনিটে জয়সূচক গোল করে নৌবাহিনীর শিরোপা নিশ্চিত করেন ফরহাদ আহমেদ শিতুল।
প্রায় ২২ মাস পর ঘরোয়া হকিতে ফিরেই একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি ম্যাচ শেষে ছিলেন খুবই উচ্ছ্বসিত, ‘চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে। নৌবাহিনী এবার অনেক শক্তিশালী দল গড়েছে। আশা করি, অন্যান্য টুর্নামেন্টেও ভালো করবে দলটি।’