চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতের জাতীয় দল আসেনি। তবে পশ্চিমবঙ্গ দলে খেলছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই খেলোয়াড় ছোটে লাল শর্মা এবং ওয়াসিম খান। উচ্চতায়ও অনেক এগিয়ে ভারতীয়রা। কিন্তু শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবলের ফাইনালে কাল তারা পাত্তাই পেল না বাংলাদেশের কাছে। ধানমন্ডি ইনডোর জিমনেসিয়ামে পশ্চিমবঙ্গ দলটিকে ৮৭-৬৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হলো স্বাগতিকেরা।পাঁচ দলের টুর্নামেন্টের সেরা দুই দল কাল লড়েছে চ্যাম্পিয়নশিপের জন্য। ফাইনালের দিনটিকে উৎসব বানিয়ে তুলেছিল ইনডোরে হাজির হাজার খানেক দর্শক। ভুভুজেলা আর বাঁশির শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়। একবার করে ঝুড়িতে বল ঢোকায় খেলোয়াড়েরা, অমনি কান ফাটানো শব্দ। টুর্নামেন্টের শুরু থেকে ফেবারিট ধরা হচ্ছিল পশ্চিমবঙ্গকেই। গত তিন ম্যাচে তাদের দারুণ আধিপত্যও ছিল। কিন্তু কাল একাই লড়লেন ছোটে লাল। বাংলাদেশের আতাউর, রাশেদুজ্জামান, মিথুনদের ড্রিবলিং ছিল নজর কাড়ার মতো। সবার মধ্যে ছিল দারুণ বোঝাপড়া। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৪১-৩২ পয়েন্টে। খেলা শেষ হতেই সিনিয়র খেলোয়াড় রাশেদকে কাঁধে তুলে নাচতে শুরু করে সমর্থকেরা। গানের তালে তালে চলে আনন্দনৃত্য। তবে সাফল্যের কৃতিত্ব সবার মধ্যে ভাগ করে দিতে চাইলেন কোচ মিজানুর রহমান, ‘এটা টিম গেম। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি কৃতিত্ব দেব দলের সব খেলোয়াড়কে। এমন একটি টুর্নামেন্টে খেলার আগে বাংলাদেশ লম্বা সময় অনুশীলনে ছিল। এটাই জয়ের রহস্য।’ ম্যানেজার সেলিম চৌধুরী চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে ৫০ হাজার টাকা বোনাস ঘোষণা দেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের কোচ নিতাই মুখার্জি স্বীকার করে নিলেন নিজেদের দুর্বলতা, ‘গত তিন ম্যাচ যেভাবে খেলেছি, আজ (গতকাল) সেটা মোটেও খেলতে পারিনি। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি হতাশ।’টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মালদ্বীপের আহমেদ জাবির। সুশৃঙ্খল দলের পুরস্কার জিতেছে মালয়েশিয়া। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটিসেলের চিফ অপারেটিং অফিসার ডেভিড লি।