চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশ তৃতীয়
‘জয় হিন্দ, হিপ হিপ হুররে’—তেরঙা গায়ে জড়িয়ে সে কী উল্লাস তাদের! চিৎকারে কেঁপে উঠছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর। আনন্দে একে অন্যকে জড়িয়ে ধরছে, কেউ হাতের হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও করছে স্মরণীয় মুহূর্তটি। কেউ নিজের ডিজিটাল ক্যামেরায় ছবি তুলছে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন চ্যালেঞ্জ ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩৯-৩৩ গোলে হারানো ভারতের জন্য আনন্দের মাত্রাটা মানানসই। স্থান নির্ধারণী ম্যাচে ইয়েমেনকে ৩১-২৮ গোলে হারিয়ে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকল স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে একপেশে লড়াইয়ে (৪০-২৭) জিতেছিল ভারত। সেই তুলনায় কাল যথেষ্টই লড়ল পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তাপ পাওয়া যাচ্ছিল ম্যাচে। শুধু ম্যাচই কেন, গ্যালারিতেও উড়ল ভারতীয় আর পাকিস্তানি পতাকা। দুই দলকে উৎসাহ জোগাতে সমানে কোরাস তুলল শ-দুয়েক দর্শক। ম্যাচের প্রথম গোল দিয়েছিল ভারতই। কিন্তু এর পর থেকেই খেলা গড়াতে থাকল সমান গতিতে—একবার ভারত এগিয়ে যায় তো আরেকবার পাকিস্তান। টানটান উত্তেজনায় ভরা প্রথমার্ধ শেষে ভারতই এগিয়ে রইল ন্যূনতম ব্যবধানে (২২-২১)।ম্যাচের বিরতির সময় হলো সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর দ্বিতীয়ার্ধে আস্তে আস্তে ম্যাচের রং বদলাতে শুরু করে। শেষ পর্যন্ত পরিষ্কার ব্যবধানে জিতেই কোর্ট ছাড়ে ভারতীয় যুবদল। ম্যাচ শেষে ভারতের কোচ সুরেশ কুমার বললেন, ‘এসএ গেমসের প্রতিশোধ বলতে পারেন এটাকে। পুরো ম্যাচে আমরাই আধিপত্য ধরে রেখেছিলাম। ছেলেরা খুবই ভালো খেলেছে। পাকিস্তানের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে।’ পাকিস্তানের কোচ তাহের হামিদের চোখে পরাজয়ের কারণ অনভিজ্ঞতা, ‘আমরা অভিজ্ঞতার অভাবেই হেরে গেছি।’দিনের প্রথম ম্যাচেও একই রকম উত্তেজনা ছড়ায় বাংলাদেশ-ইয়েমেন। প্রথমার্ধে ভালো খেলা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে এসে খেই হারিয়ে ফেলে। প্রথমার্ধে ১৫-৯ গোলে এগিয়ে ছিল স্বাগতিকেরা। কালও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখলেন ইমদাদুল হক। সর্বোচ্চ ১০টি গোল করেছেন তিনি। জিতেও সন্তুষ্ট নন কোচ কামরুল ইসলাম (কিরণ), ‘আমি ওদের খেলায় খুশি না। কারণ যখনই প্রতিপক্ষ চাপ দিয়েছে তখনই ওরা ভেঙে পড়েছে। গোল করতেও তাড়াহুড়া করে ফেলেছে ওরা।’শেষ হলো একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। কোচের প্রত্যাশা এখানেই থেমে না থেকে সিনিয়র, জুনিয়র ও অন্যান্য জাতীয় চ্যাম্পিয়নশিপও যেন নিয়মিত আয়োজন করে ফেডারেশন। তবেই আমাদের হ্যান্ডবল থেকে উঠে আসবে নতুন নতুন প্রতিভা। খুঁজে পাওয়া যাবে আরও কিছু ইমদাদুলকে।