ম্যাচ শেষের উন্মাদনায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দুর্ভেদ্য নিরাপত্তাবলয় গেল ভেঙে। মাঠে ঢুকে পড়ল মোহামেডান সমর্থকেরা। আনন্দে কেউ কেউ টার্ফে শুয়ে পড়ল। খেলোয়াড়-কর্মকর্তাদের কাঁধে তুলে কেউ কেউ নাচতে লাগল। প্রিমিয়ার হকি লিগে যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। সর্বশেষ দুই বছর আগে আবাহনীর সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল মতিঝিলপাড়ার দলটি।মোহামেডান ৩-১ গোলে হারিয়েছে ঊষাকে। চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণে শুধু ড্র করলেই চলত মোহামেডানের, ঊষাকে জিততেই হতো। এর পরও তাদের খেলতে হতো প্লে-অফ। সেসবের আর প্রয়োজন পড়েনি। রাসেল মাহমুদের (জিমি) হ্যাটট্রিকে সহজ জয়ই পেয়েছে মোহামেডান। এটিএন বাংলার ক্যামেরার সুবিধা নিয়ে এই ম্যাচেই প্রথম রেফারেল পদ্ধতি দেখল ঘরোয়া হকি। মোহামেডান ৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল রাসেল মাহমুদের গোলে। দুই মিনিট পর সমতায় ফেরান ইমরান। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসেল। দ্বিতীয়ার্ধে ঊষা ছিল আরও নিষ্প্রভ। সুযোগে ৬৬ মিনিটে হ্যাটট্রিক করেন রাসেল। ম্যাচ শেষে উচ্ছ্বসিত মোহামেডানের কোচ গেরহার্ড পিটার, ‘চমৎকার টিমওয়ার্কের কারণেই এই সাফল্য।’ ঊষার পাকিস্তানি কোচ তাহির জামানের উপলব্ধি, ‘আমরা হেরেছি অভিজ্ঞতার কাছে। সেরা দল হিসেবেই চ্যাম্পিয়ন মোহামেডান।’ সর্বোচ্চ গোলদাতা (২৫) ঊষার মইনুল।