দেশের সাতটি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দলগুলোকে নিয়ে হওয়ার কথা ছিল ওয়ালটন আন্তবিভাগীয় মহিলা কাবাডি। কিন্তু এবারের আসরে সিলেট বিভাগের কোনো দলই খেলেনি। চট্টগ্রাম বিভাগ থেকে অংশ নিয়েছে শুধু বান্দরবান জেলা। আর ১১টি দলের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী।ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল ফাইনালে রাজশাহী ৩৮-৩৪ পয়েন্টে হারিয়েছে জামালপুরকে। এর আগে সেমিফাইনালে জামালপুর ২৪-৭ পয়েন্টে সাতক্ষীরাকে ও রাজশাহী ২৮-১০ পয়েন্টে হারায় নড়াইলকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলার ফারহানা সুলতানা শীলা। মাত্র এক সপ্তাহের অনুশীলনে দলকে চ্যাম্পিয়ন করতে পেরে দারুণ খুশি রাজশাহীর কোচ হাবিবুর রহমান, ‘এত অল্প সময়ের অনুশীলনেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলে খুবই ভালো লাগছে।’ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম।