হেফাজতে ইসলামের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামকে কাল একটু প্রাণ ফিরিয়ে দিল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ। আগের ম্যাচেই শিরোপা নিশ্চিত করা শেখ রাসেল ক্রীড়াচক্র শেষ ম্যাচটি খেলতে নামল ফেনী সকারের বিপক্ষে। ফেনী সকারও আগেই অবনমন বাঁচিয়ে ফেলেছে। এই ম্যাচের হার-জিত তাই গুরুত্বপূর্ণ ছিল না। তবে শেখ রাসেলের মর্যাদার ব্যাপার ছিল, তাতে মানহানিকর কিছু হতে দেয়নি তারা। ম্যাচটা চ্যাম্পিয়নরাই জিতল ২-১ গোলে। শেখ রাসেল আনন্দ-উল্লাসও করল জয় দিয়ে সোনায় মোড়ানো মৌসুম শেষ করে। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপের পর লিগ—রাসেল এখনো আনুষ্ঠানিক উৎসব করেনি। তবে কাল শেষ ম্যাচে নামার আগে মাঠে বাদক দল এনে পরিবেশটাকে অন্যরকম করে তুলেছিল। দলটির কিছু সমর্থক বসলেন আবাহনী গ্যালারিতে। সেখানে শ খানেক নীল পতাকা। যা উড়ল নতুন চ্যাম্পিয়নদের বিজয় নিশান হয়ে। স্টেডিয়ামের বাকি অংশ খালি, চ্যাম্পিয়নদের উৎসব দেখার আর কেউ নেই! তাতে কী, ম্যাচের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১০টি ঘোড়ার গাড়ির সঙ্গে রাসেলের বাদক দল ঘুরে জানান দিয়েছে, ‘আমরাই চ্যাম্পিয়ন।’ সেই গর্বের অনুভূতি নিয়ে রাসেল শুরু থেকেই খেলল নির্ভার ফুটবল। এমিলির সাজিয়ে দেওয়া বল জালে জড়িয়ে রাসেলকে ১৪ মিনিটে এগিয়ে নেন বুকোলা। মৌসুমটা ভালোই কাটানো এমিলি ৬৭ মিনিটে ২-০ করেন। ৭৮ মিনিটে তৌহিদ ২-১ করলেও হার এড়াতে পারেনি ফেনী সকার। অতিরিক্ত সময়ে ঘটল এক কাণ্ড, বল ছাড়া হাতাহাতি করায় লাল কার্ড দেখলেন রাসেলের প্লেমেকার সনি নর্দে ও সকারের শিমুল।লিগ জয়ের অনুভূতি আগেই জানিয়েছিলেন রাসেলের খেলোয়াড়-কোচ-কর্মকর্তারা। কাল কোচ মারুফুল হককে পেয়ে সবারই জানার কৌতূহল একটা বিষয় নিয়েই। আগামী মৌসুমে এমিলি, জাহিদ, মামুনুলদের ছাড়া দলটি কীভাবে শ্রেষ্ঠত্ব ধরে রাখবে? মারুফুল জানেন নতুন মৌসুমে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। তবে তিনি এখনো আশাবাদী, ‘আমার বিশ্বাস সবাই শেখ রাসেলে থাকবে।’১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন রাসেলের চেয়ে বেশ পিছিয়ে অন্য দুই প্রতিদ্বন্দ্বী। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে আবাহনী। এক ম্যাচ কম খেলে শেখ জামালের পয়েন্ট ২৮।এই জয় সাভার ট্র্যাজেডিতে নিহত হতভাগ্য মানুষদের উৎসর্গ করেছেন শেখ রাসেল অধিনায়ক বিপ্লব। দুই প্রবল প্রতিপক্ষকে বেশ পেছনে রেখে প্রথমবার লিগ চ্যাম্পিয়ন রাসেল। আজই শেষ হতে যাওয়া মৌসুমটাকে নীল বিপ্লবের মৌসুম বলাই বোধ হয় ভালো!