চ্যাম্পিয়ন শেখ রাসেল ও আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কাল চ্যাম্পিয়ন হয়ে মহানগর প্রিমিয়ার টেবিল টেনিস লিগে পুরুষ বিভাগে টানা পঞ্চমবারের মতো শিরোপা ধরে রাখল শেখ রাসেল ক্রীড়া চক্র। যদিও রানার্সআপ পাললিক গ্রুপ কাল শেষ ম্যাচে ৩-২ সেটে হারিয়েছে শেখ রাসেলকে। প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার টিকিট পেয়েছে ডেসটিনি টিটি ক্লাব। প্রথম বিভাগে রানার্সআপ হয়েছে বয়েজ ক্লাব। মেয়েদের বিভাগে শিরোপা পুনরুদ্ধার করল আবাহনী। রানার্সআপ ঢাকা ইয়াংস। কাল আবাহনী ৩-২ সেটে হারিয়েছে বিমানকে। প্রিমিয়ার থেকে অবনমিত হয়েছে ব্রাদার্স, প্রথম বিভাগ থেকে বার্না ক্লাব।দেশি খেলোয়াড়ের পাশাপাশি এবারের মহানগর টেবিল টেনিস মাতিয়েছেন ভারতীয় খেলোয়াড়েরা। ভারত থেকে এসেছিলেন সৌম্যদীপ রায়, অমল রাজ, রাজমণ্ডল, অনির্বাণ নন্দী, শৌভিক রায়, শুভজিৎ সাহা, শুভম কুণ্ডু, সতীশ বরণ, সায়ান পাল। ভারতের সেরা মহিলা খেলোয়াড় পৌলোমী ঘটক ও নন্দিতা সাহাও খেলেছেন। কাল খেলা শেষে পৌলোমী আবারও বাংলাদেশে তাঁর খেলার ইচ্ছার কথা জানালেন, ‘সুযোগ পেলে আবার আসব বাংলাদেশে। এখানে এসে খুব ভালো লেগেছে।’ যাওয়ার আগে গাউছিয়া, নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন খেলোয়াড় স্বামী সৌম্যদীপকে নিয়ে। ভারতের এক নম্বর পুরুষ খেলোয়াড় সৌম্যদীপ খেলেছেন পাললিক গ্রুপের হয়ে। ঢাকাই শাড়ি, মিষ্টি, ইলিশ মাছ ও পাঞ্জাবি কিনে ফিরছেন তাঁরা কলকাতায়। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল লিগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি আবদুল করিম।