চারপাশে সবুজঘেরা গাছগাছালি। যান্ত্রিক শহরের কোলাহল ছাপিয়ে মাঝেমধ্যে দু-একটা পাখির ডাক শোনা যায়। এ রকম নিস্তব্ধ পরিবেশেও দুজন ফোর-ক্যাডি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে, ‘কোয়াইট প্লিজ।’ কুর্মিটোলা গলফ কোর্সের সুনসান নীরবতা ভেঙে শট নিলেন সিদ্দিকুর রহমান। করতালিতে মুখর হয়ে উঠল হলুদ দড়ির বাউন্ডারির বাইরের শ খানেক দর্শক। তবে সিদ্দিকুর নন, খেলা শেষে আরেক গলফার সাখাওয়াত হোসেনকেই (সোহেল) কাঁধে তুলে নাচতে লাগল এরা। সিদ্দিকুরকে টপকে বিটিআই পেশাদার গলফে চ্যাম্পিয়ন হয়েছেন এসএ গেমসে সোনাজয়ী সাখাওয়াত।আগের দিন দুই আন্ডার পারে পিছিয়ে থাকা সিদ্দিকুর কালও খুব ভালো করতে পারেননি। মাঝেমধ্যে নিজের ওপর নিয়ন্ত্রণই হারিয়ে ফেলছিলেন। একবার রাগে-ক্ষোভে হাতের ক্লাবই ছুড়ে ফেললেন। সব মিলিয়ে কাল সাখাওয়াত ১১ আন্ডার পার ও সিদ্দিকুর ৯ আন্ডার পার নিয়ে খেলা শেষ করেন। সুতরাং আগের দিনের দুই স্ট্রোকের ব্যবধানেই চ্যাম্পিয়ন হয়েছেন সাখাওয়াত।বাংলাদেশে প্রথমবারের মতো পেশাদার গলফ অ্যাসোসিয়েশন হওয়ায় সিদ্দিকুর আনন্দিত, ‘এমন উদ্যোগে আমি খুবই আনন্দিত। এতে বাংলাদেশের গলফ এগিয়ে যাবে আরও।’ এশিয়ান ট্যুরে ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। অথচ দেশের মাটিতে প্রথম পেশাদার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলেন না। একটু মন খারাপ করেই সিদ্দিকুর বললেন, ‘সাখাওয়াতরা এখানে আমার চেয়ে বেশি খেলে। সেই সুবিধাটা ওরা কাজে লাগিয়েছে। এ সপ্তাহটা আমার ভালো কাটল না। ঠিকমতো ছন্দ পাচ্ছি না। হতে পারে মানসিকভাবে আমি পিছিয়ে আছি। যদিও প্রত্যাশার চাপ কাজ করেনি, তবে সব সময় নির্ভার হয়েও খেলতে পারিনি।’ দেশের মাটিতে মা ফিরোজা বেগম সিদ্দিকুরের গলফের নিয়মিত দর্শক। কিন্তু এই সপ্তাহে শরীরটা ভালো যাচ্ছে না বলে ছেলের খেলা দেখতে এক দিনও আসেননি। সিদ্দিকুর যখন মাকে নিয়ে ভাবছিলেন, সাখাওয়াত স্মরণ করছিলেন প্রয়াত বাবাকে।সিদ্দিকুরের মতো সাখাওয়াতেরও ক্যাডিবয় থেকে গলফার হয়ে ওঠা। এসএ গেমসের সময় বাবাকে দাফন করে এসে ১৮ নম্বর হোলে শেষ স্ট্রোক খেলে গলফে সোনা জিতিয়েছেন বাংলাদেশকে। ওটা ছিল শৌখিন গলফে, কাল পেশাদার গলফে প্রথম চ্যাম্পিয়ন হয়েও বাবাকে মনে পড়ল সাখাওয়াতের, ‘বাবা বেঁচে থাকলে দারুণ খুশি হতেন।’গত সপ্তাহে পেশাদার গলফে নাম লেখানো সাখাওয়াত এখন ইউরোপিয়ান ট্যুরে খেলার স্বপ্ন দেখেন। বিটিআই তাঁর পৃষ্ঠপোষক বলে একটু বাড়তি আনন্দই পাচ্ছেন তিনি, ‘পেশাদার ক্যারিয়ারে এটা আমার প্রথম টুর্নামেন্ট। বিটিআইয়েরও প্রথম টুর্নামেন্ট। বিটিআই আমার স্পনসর। এ জন্য আমার আরও বেশি ভালো লাগছে।’সিদ্দিকুরের সঙ্গে খেলার আনন্দ নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিলেন। কিন্তু তাঁকে হারিয়ে শেষ পর্যন্ত হয়ে গেলেন চ্যাম্পিয়ন। এতে একটু অবাকই সাখাওয়াত, ‘শুরুর আগে ভাবিনি, আমি জিতব, আমার মূল লক্ষ্য ছিল সিদ্দিকের সঙ্গে খেলা। সিদ্দিককে হারানো আমার জন্য বড় অভিজ্ঞতা। এতে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল।’ আগামী পরশু থাইল্যান্ডে যাচ্ছেন এশিয়ান ট্যুরের একটি টুর্নামেন্টে খেলতে। ওখানেই এই আত্মবিশ্বাস থেকে ভালো কিছু করতে পারলে তো ভালোই হয়। প্রথম পেশাদার টুর্নামেন্ট চালিয়েই বিটিআইয়ের চেয়ারম্যান আরশি হায়দারের স্বপ্নটা গেছে বেড়ে, ‘আমাদের গলফের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। যারা তরুণ ও উদীয়মান গলফার তারা এটা দেখে অনুপ্রাণিত হবে। সোহেল যদি সিদ্দিককে হারাতে পারে, তাহলে অন্যরাও নয় কেন?’