চ্যাম্পিয়ন সিটি
অ্যালেক্স ফার্গুসন একটা ‘মিরাকল’ চেয়েছিলেন। কাল ইতিহাদ স্টেডিয়ামে মিরাকলই ঘটল। অন্যভাবে!ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমের সবচেয়ে বড় অঘটনের দ্বারপ্রান্তে তখন কুইন্স পার্ক রেঞ্জার্স। ম্যাচের ঘড়িতে তখন ‘যোগ করা সময়’। মাঝখানের মারপিটের জন্য নষ্ট সময়টা পুষিয়ে নিতে পাঁচ মিনিট যোগ করা হয়েছে বটে, কিন্তু প্রবল আশাবাদী ম্যান সিটি সমর্থকও ততক্ষণে পরাজয়ের, বিষাদের, একটুর জন্য অপেক্ষার অবসান না হওয়ার আক্ষেপের বেদনায় নুয়ে পড়তে শুরু করেছে। সেই পাঁচ মিনিটেরও দুই মিনিট প্রায় পেরিয়ে যায় যায়। কিউপিআর ২-১ গোলে এগিয়ে। শেষ তিন মিনিটে সিটির চাই দুটি গোল। সেই সময়ই নাটক। ৯২ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে ২-২ করে ফেললেন এডিন জেকো। আশার সলতেটাও একটু উসকে উঠল। ইতিহাদ স্টেডিয়ামের ম্রিয়মাণ, কান্নাভাঙা কণ্ঠগুলোয়ও ফিরে এল শব্দ। তখনো বোঝাই যায়নি আরও বড় কী নাটকই না অপেক্ষা করছে। ৯৪তম মিনিটের খেলা চলছে। বক্সের জটলায় বল পেয়ে গেলেন সার্জিও আগুয়েরো। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান প্রান্তে টেনে আনলেন বল। মোক্ষম আঘাত হানার জায়গাটা খুঁজছেন। অবশেষে জায়গাটা পেতেই নিলেন জোরালো শট। ৩-২! যোগ করা সময়ে এভাবেই ২ গোল করে ৪৪ বছর পর লিগ শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। অপেক্ষার অবসান হলো দীর্ঘ প্রায় আধা শতাব্দীর। অন্য ম্যাচে ওয়েইন রুনির গোলে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল ম্যানইউ। ম্যাচ শেষে হয়তো দ্রুত ড্রেসিংরুমে ছুটে গিয়েছিলেন রুনিরা। হয়তো নিতে শুরু করেছিলেন উৎসবের প্রস্তুতিও। কিন্তু শেষ পর্যন্ত হতাশাতেই পুড়তে হয়েছে তাদের। লিগ শিরোপা নির্ধারণে গোল-ব্যবধানই হয়ে গেল নিয়ন্তা। ৮৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে দুই দলই। কিন্তু ম্যানইউর (+৫৬) চেয়ে গোল-ব্যবধানে অনেক এগিয়ে ছিল সিটি (+৬৪)। ইংলিশ লিগের ইতিহাসে এ নিয়ে ষষ্ঠবারের মতো গোল-ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জিতল কোনো দল, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম। সিটির ম্যাচে নাটক কিন্তু ছিল শুরু থেকেই। ড্র করলে অবনমনের ঝুঁকি থাকবে না। সিটির মাঠে তাই রক্ষণাত্মক খেলে পাল্টা-আক্রমণের কৌশলই সাজিয়েছিলেন মার্ক হিউজ। ভালোমতোই রক্ষণ সামলে যাচ্ছিল তারা। কিন্তু ৩৯ মিনিটে সিটিকে প্রথম গোল এনে দেন পাবলো জাবালেতা। দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের ভুলে সমতা ফেরান জিব্রিল সিসে। ৬৬ মিনিটে পাল্টা-আক্রমণ থেকে ২-১ করে দেন জেমি ম্যাকাই। সিটি থেকে বিতাড়িত হিউজ যেন তখন মধুর এক প্রতিশোধই নেওয়ার অপেক্ষায়। কিন্তু ফুটবল-দেবতা যে জমিয়ে রেখেছিলেন অন্য এক নাটক। নাহ্, নাটক নয়, মহানাটক!