চ্যাম্পিয়ন স্টোসুরের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিকেন আইজ্যাক আঘাত হেনেছে সুদূর দক্ষিণে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলকে লন্ডভন্ড করা এই সামুদ্রিক ঝড়ের প্রভাব পড়ল হাজার মাইল দূরের নিউইয়র্কেও। ইউএস ওপেনের সময়সূচিই এতে এলোমেলো হয়ে গেছে। পরশু বৃষ্টিতে হতে পারেনি বেশির ভাগ ম্যাচই। শেষ হতে পেরেছে মাত্র দুটি একক ম্যাচ। এর একটিই বাজিয়েছে মহিলা এককের বর্তমান চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুরের বিদায়ঘণ্টা। আর অন্তত এক দিনের জন্য হলেও বিদায়টা পিছিয়ে গেছে অ্যান্ডি রডিকের। কোয়ার্টার ফাইনালে প্রায় আড়াই ঘণ্টার লড়াইয়ে স্টোসুর হেরেছেন শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে। ম্যাচের স্কোরলাইন ৬-১, ৪-৬, ৭-৬ (৭/৫)। প্রথম সেটে স্টোসুরকে উড়িয়ে দিয়ে শুরু করেছিলেন আজারেঙ্কা। এরপরই বৃষ্টির হানা। ৭৫ মিনিট পর আবার শুরু ম্যাচে ফিরে আসেন যেন অন্য স্টোসুর। জিতে নেন দ্বিতীয় সেটটা। শেষ সেটটাকেও টেনে নেন টাইব্রেকারে।সেমিফাইনালে উঠেই আজারেঙ্কা নিশ্চিত করেছেন, ১ নম্বর স্থানটা আপাতত খোয়াচ্ছেন না। তবে শীর্ষস্থান ধরে রাখার চেয়ে চ্যাম্পিয়নের ট্রফিটাই বেশি কাঙ্ক্ষিত আজারেঙ্কার কাছে, ‘এটা (১ নম্বর) বেশ বড় ব্যাপার। তবে হাতে ট্রফি তুলে ধরার কাছে এটা কিছুই না। আমি থামতে চাইছি না। আমি সত্যিই খুব করে এটা চাচ্ছি।’ এএফপি, রয়টার্স। শেষ চারে আজারেঙ্কার প্রতিপক্ষ হয় মারিয়া শারাপোভা অথবা মারিয়ন বারতোলি। পরশু অসমাপ্ত কোয়ার্টার ফাইনালের প্রথম সেটে শারাপোভার বিপক্ষে ৪-০ গেমে এগিয়ে ছিলেন বারতোলি। দিনের শেষ হওয়া দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটকে হারিয়ে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই স্প্যানিশ ডেভিড ফেরার।