চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য জিমিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিলে ব্যাংককে এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট বিশ্ব হকি লিগে অংশ নেওয়ার আগে জিমি-চয়ন-চন্দনরা আশাবাদী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে রেখেই আজ সিঙ্গাপুরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল।এবারই প্রথম আয়োজিত চার রাউন্ডের বিশ্ব হকি লিগ বিশ্বকাপ ও অলিম্পিকের বাছাইপর্ব। বাংলাদেশের গ্রুপ থেকে একটি দল যাবে পরের রাউন্ডে। এ রাউন্ডে বাংলাদেশের তিনটি ম্যাচ ৩১ আগস্ট হংকং, ১ ও ২ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও থাইল্যান্ডের বিপক্ষে।নামমাত্র দুটি প্রস্তুতি ম্যাচসহ বাংলাদেশ দলের প্রস্তুতি ১৭ দিনের। তার পরও অধিনায়ক মামুনুর রহমান (চয়ন) পাখির চোখ করেছেন চ্যাম্পিয়নশিপে, ‘আমাদের একটাই লক্ষ্য—চ্যাম্পিয়ন হওয়া।’ গ্রুপে র‌্যাঙ্কিং বিবেচনায় শুধু সিঙ্গাপুরই (৩২) বাংলাদেশের (৪০) চেয়ে এগিয়ে। তবে এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ কাপ) সিঙ্গাপুরকে হারানোয় চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসটা এবার একটু বেশিই।অনুশীলনের সময় টার্ফে ঠিকমতো পানি দিতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। বিমানবাহিনীর গাড়ি দিয়ে অর্ধেক মাঠ ভিজিয়ে অনুশীলন করতে হয়েছে। কোচ মাহবুব হারুন প্রস্তুতি নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন, ‘মাত্র ১৬-১৭ দিনের প্রস্তুতি যথেষ্ট নয়।’ তবে সেই ঘাটতিকে বড় করে দেখছেন না কোচ, ‘খেলোয়াড়েরা কয়েক মাস ধরে খেলার মধ্যে ছিল। তাই এই কদিন শুধু টেকনিক্যাল দিকগুলো নিয়েই বেশি কাজ করেছি।’১৬ জন খেলোয়াড়ের সঙ্গে যাচ্ছেন পাঁচজন কর্মকর্তা। খেলতে হবে টানা তিন দিন। কর্মকর্তা কমিয়ে কি আরও দুজন খেলোয়াড় নেওয়া যেত না? ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ সংবাদ সম্মেলনে বললেন, ‘বাড়তি খেলোয়াড় নিলে তো সুবিধা হতোই। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সেটা সম্ভব হয়নি।’জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল এনামুল বারী দলের জন্য শুভকামনা জানান। এই সফরে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম হকি দলের পাশে দীর্ঘ মেয়াদে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।