চ্যাম্পিয়ন হতেই সিঙ্গাপুর যাচ্ছে হকি দল
ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ড খেলতে ২৯ আগস্ট সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। ম্যাচ তিনটি যথাক্রমে ৩১ আগস্ট, ১ ও ২ সেপ্টেম্বর। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে পরের রাউন্ডে খেলার সুযোগ থাকবে। ওই রাউন্ডে এশিয়া ও আফ্রিকা থেকে দুটি করে দল খেলবে।সর্বশেষ র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর-হংকং বাংলাদেশের চেয়ে দুই-তিন ধাপ এগিয়ে ছিল। তবে গত এপ্রিলে ব্যাংককে এসএইচএফসি কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ ৪-১ গোলে সিংঙ্গাপুরকে ও থাইল্যান্ডকে ৯-০ গোলে হারিয়েছিল। হংকংয়ের সঙ্গে ২০১০ সালে সর্বশেষ ম্যাচ ছিল ১-১। বাংলাদেশ কোচ মাহবুব হারুন তাই চ্যাম্পিয়ন হওয়াটাকেই পাখির চোখ করেছেন। আত্মবিশ্বাসীই শোনাচ্ছে তাঁর কণ্ঠ, ‘চ্যাম্পিয়ন হতেই হবে আমাদের। ফিটনেসের দিক থেকে দলের অবস্থা ভালোই আছে। কম্বিনেশনটা ভালো হলেই হয়।’ঘরোয়া লিগ চলার কারণে খেলার মধ্যেই ছিলেন খেলোয়াড়েরা। তার ওপর গত এপ্রিলে ব্যাংককে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান হকি ফেডারেশন কাপে। সেই আত্মবিশ্বাসটা কাজে লাগবে। ওই দলের দুজন খেলোয়াড় বদল হয়েছে এবার। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ২৭ গোল করা রানার্সআপ ঊষার ফরোয়ার্ড মাইনুল ইসলাম (কৌশিক) এবং একই দলের মিডফিল্ডার সারোয়ার হোসেন। দল থেকে বাদ পড়েছেন পুষ্কর খীসা।দলটির অধিনায়ক মামুনুর রহমান (চয়ন)। ৭-৮টি টুর্নামেন্টে সহকারী অধিনায়ক থাকার পর এবার পদোন্নতি হয়েছে এই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞর। সিঙ্গাপুরে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।