আট দলে সপ্তম। গত আগস্টে এশিয়া কাপে এমনই ভরাডুবি হয়েছিল বাংলাদেশ হকি দলের। ওই টুর্নামেন্টে খেলোয়াড়দের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোচ নাভিদ আলম। ফেডারেশনের সমর্থনও পান এই পাকিস্তানি কোচ। কিন্তু আগামীকাল ঢাকায় শুরু এশিয়ান গেমস হকির বাছাইপর্ব বড় এক চ্যালেঞ্জই হয়ে এসেছে নাভিদ ও বাংলাদেশ দলের জন্য। এবার নাভিদ নিজের পছন্দের দল গড়েছেন, সে দল নিয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশাই করছে হকি ফেডারেশন। আট দলের এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশই যে শীর্ষ ফেবারিট।
বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী পরশু হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের বিপক্ষে লাল-সবুজের জয়ের রেকর্ড বেশ ভালো। প্রতিযোগিতা সামনে রেখে কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করল হকি ফেডারেশন। সেখানে বাংলাদেশ কোচ নাভিদ বললেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব এই টুর্নামেন্টে।’ ‘চ্যাম্পিয়ন হব’ জোরালো কণ্ঠে এমন প্রতিশ্রুতি দিতে পারেননি কোচ। তবে ‘দলে এবার ঐক্য, শৃঙ্খলা ও বিশ্বাস, এই তিনটি জিনিস আছে’ বলে নাভিদ আস্থা রাখতে চাইলেন দলের ওপর।
এশিয়ান গেমসের সর্বশেষ বাছাইপর্বের স্মৃতিটা অবশ্য সুখকর নয় বাংলাদেশের জন্য। চার বছর আগে হারতে হয়েছিল সিঙ্গাপুরের মতো দলের কাছে! ছয় দলের মধ্যে কোনো রকমে পঞ্চম হয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে ওঠা গিয়েছিল সেবার। সেসব বাজে দিন পেছনে ফেলে এবার অধিনায়ক মামুনুর রহমান (চয়ন) বলছেন, ‘সর্বশেষ টুর্নামেন্টে আমাদের দলের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। ক্যাম্প চলার সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দলের মধ্যে ছিল একতার অভাব। তবে এবার নিশ্চয়তা দিচ্ছি, আমরা চ্যাম্পিয়ন হতে পারব। গত দুই মাস কঠোর অনুশীলন করেছি আমরা।’
অনুশীলন বলতে বিকেএসপিতে ক্যাম্প। এতেই দায় সেরেছে ফেডারেশন। প্রস্তুতি ম্যাচ দিতে পারেনি দলকে। কেন পারেনি? সংবাদ সম্মেলনে ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ দিলেন সেই ব্যাখ্যা, ‘আমরা ভারতের কয়েকটি ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওই সময় ওদের লিগ চলছিল। খেলোয়াড়েরাও বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিল। এরপর শ্রীলঙ্কা দলকে খেলার আমন্ত্রণ জানিয়ে মেইল করি। ওরাও আসতে চায়নি। চীনা তাইপেকে বলেছিলাম, কয়েক দিন আগে এসে আমাদের সঙ্গে দু-একটি প্রস্তুতি ম্যাচ খেলতে। ওরাও সরাসরি না করেছে। তাই প্রস্তুতি ম্যাচ ছাড়াই টুর্নামেন্টে নামতে হচ্ছে।’
‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সিঙ্গাপুর, হংকং ও ইরান। সহজেই পর্ব পার হওয়ার কথা বাংলাদেশের। ‘এ’ গ্রুপে ওমান, শ্রীলঙ্কা, চীনা তাইপে ও কাতার। ছয়টি দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট। বাংলাদেশের কাছে টিকিট পাওয়াই বড় নয়, চ্যাম্পিয়ন হওয়াই বরং দায়িত্ব।
এগিয়ে এল ইসলামী ব্যাংক: এই আয়োজন সফল করতে হকি ফেডারেশনকে এক কোটি টাকা দিচ্ছে ইসলামী ব্যাংক। কাল অলিম্পিক ভবনে এ ব্যাপারে সমঝোতা স্মারক সই করেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল এনামুল বারী, ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান।