চ্যাম্পিয়নকে ছাড়াই টিটির ক্যাম্প!
জাতীয় টেবিল টেনিসের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন তিনি। আগামী ২৩ জুলাই গ্লাসগোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের দলে সুযোগ পেয়েছেন মানস চৌধুরী। কিন্তু সুযোগ পেলেও হয়তো গ্লাসগো যাওয়া হবে না দেশসেরা খেলোয়াড়ের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কাল তাঁর হাতে একটি চিঠি ধরিয়ে দিয়েছে। সেটিতে লেখা, ঢাকায় আবাসিক ক্যাম্পে থেকেই নিয়মিত অনুশীলন করতে হবে।
কিন্তু পেশায় দন্তচিকিৎসক মানস এ সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না, ‘একই সঙ্গে খেলোয়াড় ও চিকিৎসক হয়ে আমি কি অপরাধ করে ফেলেছি? চট্টগ্রামে আমার চেম্বার, সেখানেই নিয়মিত রোগী দেখি। ঢাকায় আবাসিক ক্যাম্পে সার্বক্ষণিক সময় দিলে আমার রুটি-রুজির কী হবে? আমি তো তাহলে না খেয়ে থাকব।’ সপ্তাহে সাত দিনের বদলে চার দিন ঢাকায় থেকে অনুশীলন করার অনুমতি চেয়ে একটি চিঠিও ফেডারেশনকে লিখেছিলেন মানস। কিন্তু তাতে রাজি না হয়ে কাল তাঁকে ক্যাম্পে যোগ দিতে বলেছেন বিওএ কর্মকর্তারা।
এই ক্যাম্পে ডাক পাওয়া মাহবুব বিল্লাহ ও জাভেদ আহমেদও চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করতে রাজি। মানসের দাবি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে পর্যাপ্ত অনুশীলন করার সুবিধা আছে। কিন্তু আবাসিক ক্যাম্পটা চট্টগ্রামে করার ব্যাপারে ফেডারেশন থেকে তিনি কোনো সহযোগিতা পাচ্ছেন না।
বিওএ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আশিকুর রহমান (মিকু) বলছেন, ‘চট্টগ্রাম গেলে কার তত্ত্বাবধানে অনুশীলন করবেন খেলোয়াড়েরা? তা ছাড়া ক্যাম্পের শৃঙ্খলা ও নিয়মকানুনও তো মানতে হবে।’ টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনুরও একই কথা, ‘কোচ ছাড়া একটি দলকে ঢাকার বাইরে পাঠাতে পারি না। কোচ ছাড়া তাদের কে দেখাশোনা করবেন?’