স্টুয়ার্ট ব্রড এখন হয়তো পৃথিবীর শেষ আশাবাদী ব্যক্তি। দল হেরেছে টানা দুই ম্যাচে। একটিতে নিজেদের সবচেয়ে কম রান করে। আরেকটিতে প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে। শিরোপা ধরে রাখা দূরের কথা, শেষ চারের রাস্তাও ইংল্যান্ডের জন্য কণ্টকাকীর্ণ। ইংল্যান্ড অধিনায়ক তার পরও আত্মবিশ্বাসী। পরশু ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরও বলছেন, ‘আশা করি, টুর্নামেন্টে এখনো চারটি ম্যাচ বাকি আছে আমাদের!’ চারটি ম্যাচ মানে—সুপার এইটের দুটি এবং সেমিফাইনাল-ফাইনাল! সত্যিকার অর্থে কয়টি ম্যাচ থাকছে ব্রডদের, সেটা অনেকটাই নিশ্চিত হবে আজ। সুপার এইটে ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আজ নিউজিল্যান্ড। এ ম্যাচ হারলেই চ্যাম্পিয়নদের পাততাড়ি গুটানো অনেকটা নিশ্চিত। টুর্নামেন্টের পারফরম্যান্স বলছে, সেই সম্ভাবনা অনেকটাই আছে! সুপার এইটের প্রথম ম্যাচে হেরেছে নিউজিল্যান্ডও। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কার ঘাম ছুটিয়ে ছেড়েছে। লঙ্কানরা জিতেছে সুপার ওভারে। এই টুর্নামেন্টের পারফরম্যান্স বিবেচনায় আজ তো ফেবারিট বলতে হয় নিউজিল্যান্ডকেই! ইংল্যান্ডের সবচেয়ে বড় সমস্যা টপ-অর্ডার। তিন ম্যাচের দুটিতেই শূন্য রানে ফিরেছেন ওপেনার ক্রেইগ কিসওয়েটার। আরেক ওপেনার অ্যালেক্স হেলস পরশু ফিফটি করলেও আগের ম্যাচে শূন্য করেছেন। ওপেনিং জুটি তাই জমেনি এক দিনও। উইকেটকিপার বলে কিসওয়েটারকে বাদ দেওয়ার সুযোগও খুব একটা নেই। আজ তাই মাইকেল লাম্বকে ওপেনিংয়ে এনে কিসওয়েটারকে নিচে নামানো হতে পারে। ব্যাটিং-অর্ডারে আরেকটি পরিবর্তনও সম্ভবত আসছে। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে ৭১ রানের দুরন্ত এক ইনিংস খেলা এউইন মরগানকে আরও ওপরে আনা হতে পারে। ইংলিশদের ভরসা দিতে পারে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। ২০০৭ বিশ্বকাপে দুই দলের প্রথম লড়াইয়ে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর টানা চার ম্যাচ জিতেছে ইংল্যান্ড। জিতেছিল গত বিশ্বকাপের সুপার এইটের ম্যাচটিও।ইংল্যান্ডের সমস্যার জায়গাটাই আবার নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শক্তি। টপ-অর্ডারে নিয়মিত রান পাচ্ছেন রব নিকোল, মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। তবে ভালো শুরুটাকে সেভাবে কাজে লাগাতে পারছে না মিডল ও লোয়ার-মিডল অর্ডার। অধিনায়ক রস টেলর এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি, এসএলপিএলের পারফরম্যান্স বিশ্বকাপে দেখাতে পারেননি জ্যাকব ওরাম। তার পরও কিউইরা তিনটি ম্যাচেই ছিল মোটামুটি ধারাবাহিক। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর হার পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে। কিন্তু ওই দুই ম্যাচেও পারফরম্যান্স খারাপ ছিল না। আর ইংল্যান্ড যেমন খেলছে, তাতে ওই দুই ম্যাচের মতো পারফরম্যান্স করতে পারলে অনায়াসেই জিতে যাওয়ার কথা কিউইদের। কন্ডিশন-উইকেটের সুবিধা তো আছেই। সব ম্যাচ নিউজিল্যান্ড খেলেছে পাল্লেকেলেতেই।আজই কি তবে চ্যাম্পিয়নদের বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে কিউইরা?