চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমোদ আর আনন্দের পার্থক্য কী? অভিধানে খুঁজে পাওয়া শক্ত। সম্ভবত আনন্দ শব্দটা আরও ঘন কিছুর দ্যোতক। কবিকুল-শিরোমণি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’য় এ ধরনের একটা ইঙ্গিত আছে। বিশ্বকাপের দিনগুলোয় ব্রাজিলের লোকজন আর সেখানে জড়ো হওয়া লাখ লাখ বিদেশির আচার-আচরণে মনেই হতে পারে তাঁরা আমোদ-আনন্দকে গুলিয়ে ফেলেছেন: একটা বড় উৎসব হচ্ছে সেখানে, সেটাই মূল কথা। খেলার আনন্দ গ্যালারিতে আর মাঠের বাইরে ছড়িয়ে গেছে। ব্রাজিল-মেক্সিকো মীমাংসাহীনতার পরেও তো দেখা গেল দুদলেরই সমর্থকেরা উৎসবে মত্ত। টিভি ক্যামেরা গ্যালারিতে রং-বাহার কানের দুলের দোলা আর ঠোঁটের সাজ দেখিয়ে পুরো পরিবেশকেই আনন্দঘন করতে সফল হয়েছে, সন্দেহ নেই।
কিন্তু যে লাতিন ফুটবলের বিজয়ের জন্য এত কথা, খেলার মাঠে তার প্রমাণিত হওয়াটা এখনো বাকি। জার্মানি, ইতালি আর হল্যান্ড ইউরোপীয় ঘরানা নিয়ে সামনেই আছে। তবে মেসি আর নেইমারের কথা ভিন্ন। ওঁরা দুজন যে ভিন্ন, এই শুরুতেও তা প্রমাণিত।
ফুটবল-প্রাজ্ঞরা বলেন, দলগুলোর মধ্যে ফারাক অনেক কমে গেছে। সম্ভবত সেটাই একটা কারণ যে মঙ্গলবার দ্বিতীয় চক্রের খেলা শুরুর প্রথম দিন পর্যন্ত এ দেশের কেউই প্রিয় দুদলের একাধিপত্য দেখতে পাননি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের বা বসনিয়া-হার্জিগোভিনার বিপক্ষে আর্জেন্টিনা কি একচেটিয়া খেলতে পেরেছে? একাধিপত্য না এলে সেরা খেলোয়াড়দের পুরোটা পাওয়া যাবে না, এমন একটা মত আছে। ব্রাজিল তো প্রায় ধরা পড়ে গিয়েছিল মেক্সিকোর কাছে তাদের দ্বিতীয় ম্যাচে। নেইমার আর থিয়াগো সিলভার দুটি প্রচণ্ড হেড গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে জান দিয়ে ঠেকাতে হয় বটে, কিন্তু মেক্সিকো কি কম কষ্ট দিয়েছে ব্রাজিলের রক্ষণভাগকে?
জার্মানদের কাছে রোনালদোর পর্তুগালের বিনা শর্তে আত্মসমর্পণ কিছুটা বিস্ময়কর। খেলার বেশির ভাগ সময় ১০ জনে খেললেও চার গোলের ব্যবধানের ব্যাখ্যা মেলে না। ডিফেন্ডার পেপের ছিল এই ম্যাচের আগের নয়টি আন্তর্জাতিকের তিনটিতেই হলুদ কার্ড: একটি লালের জন্য বুঝি বা তাঁর মন অস্থির হয়ে ছিল!
মার্কিনদের ঘানার সঙ্গে জয় অতি মূল্যবান ৩টি পয়েন্ট এনে দিয়েছে: ‘ছন্নছাড়া’ পর্তুগালকে কোনোভাবে ধরতে পারলেই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। রোনালদোর জন্য আরেকটি নিষ্ফলা বিশ্বকাপ? আলজেরিয়ার বিপক্ষে জিততে বেলজিয়াম ভালোই কষ্ট করেছে। প্রতিযোগিতার অন্যতম ‘কালো ঘোড়া’ হিসেবে ওদের খ্যাতি এ ম্যাচ থেকে বোঝা যায়নি। বরং এশিয়ার দুই প্রতিনিধি ইরান ও দক্ষিণ কোরিয়ার নাইজেরিয়া ও বিশ্বকাপ ২০১৮-র আয়োজক রাশিয়ার কাছ থেকে পয়েন্ট আদায় করা কৃতিত্ব দাবি করে; অন্য দুই প্রতিনিধি অস্ট্রেলিয়া ও জাপান তো আগেই হেরে বসে আছে।
‘বি’ গ্রুপ থেকে প্রায় নিশ্চিত হল্যান্ডের সঙ্গী কে হবে, স্পেন-চিলি খেলার ফল তা-ই ঠিক করবে। স্পেন কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াবে? আমরা চ্যাম্পিয়নদের পরের ফলাফলের জন্য অপেক্ষা করব। কিন্তু এরই মধ্যে, দুনিয়া দেখেছে ফন পার্সির অলৌকিক হেডের গোল আর মেসির মুহূর্তের ম্যাজিক।