চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়ানোর লড়াই
প্যারাগুয়ের সঙ্গে প্রথম ম্যাচে ১-১ ড্র। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই বিশ্বস্ত গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে ছাড়া আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে চ্যাম্পিয়নরা।প্রথম ম্যাচে নিষ্প্রভ, ধারহীন ফুটবল খেলেছে বুড়োদের দল। আজ ইতালির প্রমাণ করার পালা, আসলে তারা ‘বুড়োদের দল’ নয়। তবে এটা প্রমাণের চেয়ে তাদের বেশি দরকার তিন পয়েন্ট। দ্বিতীয় পর্বে যেতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ জয়ের বিকল্প নেই আজ্জুরিদের।সেই জয় পেতে নিজের ছকটা আজ ভাঙতে পারেন ইতালি কোচ মার্সেলো লিপ্পি। প্যারাগুয়ের বিপক্ষে অনুজ্জ্বল দুই ফরোয়ার্ড আলবার্তো জিলার্দিনো ও ভিনঞ্জো ইয়াকুয়িন্তাকে বাদ দিলেও দিতে পারেন। ৪-৪-২ অথবা ৪-২-৩-১ ছকে যেতে পারেন আর দলে নিতে পারেন উইঙ্গার মাওরো কামোরানেসিকে। তবে ক্যাপেলো যত যা-ই করুন, তাঁর কপালের চিন্তার ভাঁজ কমাতে দরকার ছিল আন্দ্রে পিরলোর মতো একজন সৃজনশীল মিডফিল্ডার। ইনজুরি থেকে পিরলো সেরে না ওঠায় সেই অভাবটা রয়েই গেছে।প্যারাগুয়ে ম্যাচে পিছিয়ে পড়া দলকে টেনে তোলেন ডি রসি। তাঁর সমতাসূচক গোলেই এক পয়েন্ট পেয়েছে ইতালি। আজও তাঁর দিকে অনেকটা তাকিয়ে থাকবে দল। আপাতত দলের লক্ষ্য দ্বিতীয় রাউন্ড হলেও রসি তাকিয়ে অনেকটা সামনে, ‘আমাদের লক্ষ্য সেরা চারে থেকে টুর্নামেন্ট শেষ করা। সেমিফাইনালের আগে বিদায় নেওয়া হবে স্বপ্নভঙ্গ। সমালোচকেরা যত যা-ই বলুন, ইতালি অনেক দূর যেতে পারে।’কিন্তু নিউজিল্যান্ড কি এত সহজ প্রতিপক্ষ ইতালির জন্য? স্লোভেনিয়ার বিপক্ষে শেষ মিনিটে গোল করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড, ইতালির নির্ভার থাকার সুযোগ কোথায়? নিউজিল্যান্ড খেলোয়াড়েরা অনেক লম্বা এবং শূন্যে বেশ ভালো। ইতালির চিন্তার কারণ এটাই। গত কনফেডারেশনস কাপের আগে প্রদর্শনী ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছিল ইতালি। হোক প্রদর্শনী ম্যাচ, কিন্তু যারা রক্ষণকে দুর্গ বানিয়ে ফুটবল খেলে, সেই ইতালির জালে তিনবার বল পাঠিয়ে নিজেদের সামর্থ্যেরই প্রমাণ দিয়েছে নিউজিল্যান্ড।’৮২ সালে প্রথম এবং শেষবার বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ড কিন্তু ‘ডেড বলে’ বিপজ্জনক। বুফনের জায়গায় একাদশে আসা গোলরক্ষক মারচেত্তিকেই শূন্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হবে। সেটা তিনি প্রকারান্তরে বলেও দিয়েছেন, ‘আমরা জানি, নিউজিল্যান্ড শারীরিকভাবে খুব ভালো দল। বাতাসে ওরা ভালো।’ইতালির সম্মান আদায় করে নিচ্ছে নিউজিল্যান্ড। ওটাতেই তারা সন্তুষ্ট থাকতে রাজি নয়। ডিফেন্ডার টমি স্মিথ যেমন বলছেন, ‘আমাদের হারানোর কিছু নেই। আমরা মাঠে যাব এবং প্রমাণ করব সর্বোচ্চ পর্যায়ের দলের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’সাবধান ইতালি!ইতালি-নিউজিল্যান্ডভিনসেঞ্জো ইয়াকুইন্তাদীর্ঘদিন পড়ে থেকেছেন দেল পিয়েরো-টট্টি-টনিদের আড়ালে, ৫ বছরের ক্যারিয়ারে ম্যাচ খেলতে পেরেছেন তাই মোটে ৩৭টি। এর বেশির ভাগই আবার বদলি হিসেবে। ইয়াকুইন্তা সেরা একাদশে জায়গাটা নিশ্চিত করতে পেরেছেন এই ৩০ বছর বয়সে এসে। আক্ষেপে ভরা ক্যারিয়ারটা গৌরবময় করতে পারেন ইতালির হয়ে বিশ্বকাপে দারুণ কিছু করতে পারলে। পারবেন ইয়াকুইন্তা?ররি ফ্যালনজন্ম নিউজিল্যান্ডেই, তবে বেড়ে উঠেছেন ইংল্যান্ডে। খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলেও, পরে বেছে নেন জন্মভূমিকেই। অভিষেক গত আগস্টে, তবে এর মধ্যেই হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। বাহরাইনের বিপক্ষে প্লে-অফে তাঁর গোলেই ২৮ বছর পর বিশ্বকাপে এসেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে প্রথম জয়ের জন্য অল হোয়াইটরা তাকিয়ে তাঁর দিকেই।