চ্যাম্পিয়নদের দেখুন আজ
গত বিশ্বকাপের ফাইনাল। এর পর আজই বিশ্বকাপে ইতালির প্রথম ম্যাচ। ফ্যাবিও ক্যানাভারো, জিয়ানলুইজি বুফন, আন্দ্রে পিরলো, জেনারো গাত্তুসো, মাউরো কামোরানেসি...গত বিশ্বকাপের ফাইনালে খেলা সেই সব খেলোয়াড়ই তো দলে। সবই ঠিক আছে, তবু কথা থাকে! ম্যাচের হিসাবে ব্যবধানটা এ ম্যাচ থেকে ও ম্যাচ হলেও এর মধ্যে কেটে গেছে চারটি বছর। এই চার বছরে ক্যানাভারো-বুফনদের বয়স বেড়েছে, তাঁদের পিঠে ‘বুড়ো’ খেলোয়াড়ের তকমা সেঁটে গেছে। লোকেরা বলছে, এই ‘বুড়ো’দের দিয়ে কিছু হবে না! মার্সেলো লিপ্পির সামনে দ্বিতীয় কোচ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের যে হাতছানি, তা আসলে এঁদের দিয়ে পূরণ হওয়ার নয়!দলে ত্রিশের বেশি বয়সের নয়জন খেলোয়াড়, সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো কিছু নয়; সব মিলিয়ে ইতালির শিরোপা ধরে রাখার ব্যাপারটি অনেকের কাছেই অতি দূর কল্পনার বিষয়। বাছাইপর্ব আর প্রস্তুতি ম্যাচগুলোয় ইতালির পারফরম্যান্স দেখে কখনো কখনো বিভ্রমই জেগেছে—আসলেই কি তারা বর্তমান চ্যাম্পিয়ন!এই অবহেলা আর সমালোচনার জবাব দেওয়ার সময় চলে এসেছে ইতালির। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। এই ম্যাচের আগে ইতালির কোচ লিপ্পি জোর দিয়েই বলেছেন, তাঁর অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া দলটি সব সমালোচনার জবাব দিতে পারবে। তবে একটা দুশ্চিন্তা ইতালি শিবিরে থেকেই যাচ্ছে। ‘এফ’ গ্রুপে ইতালির প্রতিপক্ষ যে তিন দল আছে এর মধ্যে বড় বাধা যে এই প্যারাগুয়েই (অন্য দুই দল নিউজিল্যান্ড ও স্লোভাকিয়া)।লিপ্পির বিশ্বাস তাঁর খেলোয়াড়েরা বয়সকে অতিক্রম করে যেতে পারবে, ‘এটা ঠিক, আমাদের বেশ কয়েকজন বয়সী খেলোয়াড় আছে। তবে আমার বিশ্বাস, বয়স কোনো ব্যাপার হবে না, এটা অভিজ্ঞতা আর ক্যারিশমার রূপেই দেখা দেবে।’ইতালি মানেই রক্ষণাত্মক ফুটবল। অনেকের ধারণা, বয়সী দল নিয়ে এবার আরও বেশি রক্ষণাত্মক ফুটবল খেলবে তারা। কিন্তু অধিনায়ক ক্যানাভারো বলেছেন, ইতালি রক্ষণাত্মক কৌশল নিয়ে খেললেও অমনটা হবে না, ‘এটা ঠিক, রক্ষণটা গুরুত্বপূর্ণ। তবে এমন নয় যে আমরা আমাদের অর্ধেই খেলব। আমি বলতে চাইছি, আমরা আসলে গোছানো ফুটবল খেলতে চাই। আমরা ব্রাজিল, স্পেন বা পর্তুগালের মতো আক্রমণাত্মক ফুটবল কখনোই খেলব না। তারা আবার আমাদের মতো রক্ষণভাগ সামলাতে পারবে না।’ইতালি-প্যারাগুয়েআলবার্তো জিলার্দিনোক্যারিয়ারের শুরুতে কেউ কেউ তাঁর তুলনা করতেন ক্রিস্টিয়ান ভিয়েরির সঙ্গে, কেউ বা আবার ফিলিপ্পো ইনজাগির সঙ্গে। ইনজাগি নিজে অবশ্য বলেছিলেন জিলার্দিনোর মাঝে আছে দুজনের সমন্বয়। গত বিশ্বকাপেও দলে থাকলেও নিয়মিত ছিলেন না, তবে এবার তারকাহীন ইতালির আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা জিলার্দিনো।লুকাস ব্যারিয়সজন্ম, বেড়ে ওঠা আর্জেন্টিনায়। কিন্তু এত এত তারকার ভিড়ে সুযোগ পাচ্ছিলেন না দেখে কদিন আগে বেছে নিয়েছেন মায়ের দেশ প্যারাগুয়েকে, ৩টি প্রস্তুতি ম্যাচে ৩ গোল করে বুঝিয়ে দিয়েছেন তাঁকে নিয়ে ভুল করেনি প্যারাগুয়ে। ইতালির মূল শক্তি ডিফেন্সে আজ চিড় ধরাতে পারেন বক্সের ভেতর ক্ষিপ্রতার জন্য ‘প্যান্থার’ উপাধি পেয়ে যাওয়া এই স্ট্রাইকার।